অল্প স্বল্প গল্প

বদলে যাবেন সোনালী
স্টার জলসার জলনূপুর সিরিয়ালে মৃণালিনী চরিত্রটি সবার চেনা। এই চরিত্রে অভিনয় করছেন সোনালী। তিনি জানালেন, শিগগির বদলে যাচ্ছে তাঁর পুরো সাজ আর পোশাক। একেবারে সাদামাটা বেশের মৃণালিনী কিছুদিনের মধ্যেই পোশাক আর সাজসজ্জা দিয়ে একেবারে বদলে যাবেন। তাকে দেখা যাবে রঙিন পোশাকে। সেই সঙ্গে সাজগোজেও লাগবে আধুনিকতার ছোঁয়া। সোনালী বলেন, ‘সাদামাটা বেশে থাকতে থাকতে আমি ক্লান্ত। আমি আনন্দিত সিরিয়ালে এখন থেকে আমাকে দেখা যাবে একেবারে আধুনিক সাজে।’ টাইমস অব ইন্ডিয়া।

বেফাঁস আলিয়া
তাঁর সাধারণ জ্ঞানের মেধা নিয়ে সবাই এখন হাসাহাসি করে। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে গিয়ে কী একটা প্রশ্নের জবাবে গড়বড় ঘটালেন। এর পর থেকে সবাই প্রশ্ন তুলতে শুরু করল আলিয়া ভাটের মেধা নিয়ে। কত আর সহ্য করবেন আলিয়া! তাই এবার আর চুপ থাকতে পারলেন না। কিছুদিন আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়ার কাছে এক সাংবাদিক মহারাষ্ট্রের রাজধানীর নাম জানতে চান। তখন আলিয়া খেপে গিয়ে ‘এফ’ আদ্যক্ষরের একটি গালি দিয়ে বেরিয়ে যান সেই স্থান থেকে। ডেইলি ভাস্কর।

শাড়িতে আপত্তি
নিজেকে ভারতীয় নয়, আন্তর্জাতিক তারকা হিসেবে ভাবতেই বেশি ভালোবাসেন ফ্রিদা পিন্টো। তাই বলে নিজ জন্মস্থানের এহেন অপমান? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমি কখনোই শাড়ি, চুড়ি আর টিপ পরা ভারতীয় নারীর চরিত্র ধারণ করতে পারব না। এমন মেয়ের চরিত্রে অভিনয় করব না যে পরিপাটি হয়ে তাঁর স্বপ্নপুরুষের অপেক্ষা করবে। এতে আমি মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি শক্তিশালী নারী চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই।’ ফ্রিদার এমন বক্তব্যে ফুঁসে উঠতে পারে অনেক ভারতীয়। কিন্তু এ মেয়ে কি এসব বিষয় নিয়ে মাথা ঘামায়, শত হলেও আন্তর্জাতিক তারকা তিনি...ভারতীয় নন! ডিএনএ ইন্ডিয়া।