অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনা ডানহাম
লেনা ডানহাম

অতঃপর প্রস্থান...
ঘাবড়ে যাবেন না। লেনার কিচ্ছু হয়নি। তিনি দিব্যি আছেন। শুধু খানিকটা ঘাবড়ে গেছেন। বেচারি এমনই ভয় পেয়েছেন যে একেবারে ঘোষণা দিয়ে বিদায় নিয়েছেন টুইটার থেকে। বেশ কিছুদিন ধরেই নাকি অভিনেত্রী লেনা ডানহাম টুইটারে মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন। অজ্ঞাত কিছু অ্যাকাউন্ট থেকে আসছিল একের পর এক হুমকি। তাই আর প্রাণভয় নিয়ে টুইটারে থাকা হলো না তাঁর। সম্প্রতি অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে এসে রীতিমতো ঘোষণা দিলেন, ‘ঢের হয়েছে টুইটার। বেঁচে থাকাটা জরুরি। তাই বিদায় টুইটার!’ মিরর

কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

বিতর্কে কারিনা
কোনো বেফাঁস কথা বলেননি। ঘটনাটি কোনো লঙ্কাকাণ্ডও নয়। এর পরও বির্তকের জালে জড়িয়ে গেলেন কারিনা কাপুর খান। তাও আবার খুব সংবেদনশীল একটি বিতর্কে। সম্প্রতি কারিনার বিকৃত একটি ছবি ব্যবহার করে হিমালয় ধ্বনি নামের একটি ম্যাগাজিন। আর এতে ছেয়ে যায় ভারত। ছবিতে দেখা যায়, কারিনার অর্ধেক মুখ ঢাকা কালো কাপড়ে আর অর্ধেক ছবিতে দেখা যায় তাঁর সিঁথিতে সিঁদুর দেওয়া। হিমালয় ধ্বনি ম্যাগাজিনটি প্রকাশ করেছে ভারতের ধর্মীয় দল ‘বিশ্ব হিন্দু পরিষদ’-এর নারী সংগঠন ‘দুর্গা বাহিনী’। হিন্দু নারীদের বিয়ের পর ধর্মান্তর হওয়া ও নাম বদলে ফেলার বিষয়কে কেন্দ্র করেই তারা সাজিয়েছে ম্যাগাজিনের এবারের সংখ্যা। আর সে কারণেই ‘কারিনা কাপুর’ থেকে ‘কারিনা কাপুর খান’ হওয়া এ অভিনেত্রীকে বেছে নিয়েছেন প্রচ্ছদকন্যা হিসেবে। ‘দুর্গা বাহিনী’ তাদের ম্যাগাজিনের এ সংখ্যার মাধ্যমে ধর্মান্তরিত নারীদের আবারও নিজ ধর্মে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু এদিকে কারিনার বিকৃত ছবি ব্যবহার নিয়ে বেশ চটেছেন তাঁর স্বামী সাইফ আলী খান। তিনি বলেন, ‘আমি ক্ষুব্ধ। এমন ধর্মান্ধ ও জ্ঞানহীন ব্যক্তিদের দমানো খুব জরুরি হয়ে পড়েছে।’ টাইমস অব ইন্ডিয়া

আমির খান
আমির খান

২,২০০ কোটি রুপির আমির!
২০০১ সাল থেকে আমির নিজের অভিনয়ের মোড় ঘুরিয়ে ফেলেন। প্রতিটি ছবি দিয়েই নতুন করে ইতিহাস গড়ার প্রবণতা শুরু হয় সে সময় থেকেই। লগান ছবি অস্কারে যাওয়ার পর থেকে আমির নিজের অভিনয়ের ধারাকে ভাঙতে শুরু করেন। সেই থেকে শুরু। এরপর একে একে দিল চাহতা হ্যায়, মঙ্গল পান্ডে: দ্য রাইজিং, রং দে বাসন্তী, ফানা, তারে জমিন পার, গজনি, থ্রি ইডিয়টসসহ ১৩ বছরে আমির অভিনয় করেছেন ১২টি ছবিতে। আর এই ছবিগুলো দিয়ে তিনি বলিউডে ব্যবসা করেছেন ২ হাজার ২০০ কোটি রুপির বেশি। এত কম সময়ের মধ্যে এতটা মুনাফা করতে পারেননি বলিউডের আর কোনো অভিনেতা। তাই পিকের পর আমির যেন হয়ে উঠলেন আরও বেশি অপ্রতিরুদ্ধ! হিন্দুস্তান টাইমস