অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনেডিক্ট কাম্বারব্যাচ
বেনেডিক্ট কাম্বারব্যাচ

অবাধ্য বেনেডিক্ট
মা-বাবার ইচ্ছে ছিল ছেলে ব্যারিস্টার হবে। কিন্তু অবাধ্য বেনেডিক্ট সে কথা শোনেননি। তিনি হেঁটেছেন তাঁর মা-বাবার পথেই। ‘শার্লক’খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচের বাবা টিমোথি কার্লটন এবং মা ওয়ান্ডা ভেনথাম দুজনই ছিলেন অভিনয়শিল্পী। তাঁরা দুজনই জানতেন, অভিনয়জীবন কতটা কঠিন হতে পারে। তাই তাঁরা চাননি, তাঁদের ছেলেও সেই পথে হাঁটুক। কিন্তু রক্তে যাঁর লাইট-ক্যামেরা-অ্যাকশনের নেশা, তাঁকে কি আর দু-একটা উপদেশবাণী দিয়ে দমিয়ে রাখা যায়? তাই মা-বাবার ইচ্ছের বাইরে গিয়েই তিনি বনে গেলেন অভিনেতা, হয়ে গেলেন বিখ্যাত। আর ব্যারিস্টার হওয়ার সেই ইচ্ছা? তা মা-বাবার স্বপ্ন হয়েই থেকে গেল! এএনআই

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

মুখোমুখি তুমি-আমি
ফিরলেন তো ফিরলেন, এমন সময়েই ফিরলেন যে একবারে নিজ ঘরের মানুষের সঙ্গেই সংঘর্ষ বাধল। কথা হচ্ছে ঐশ্বরিয়া রাই আর অভিষেক বচ্চনের সঙ্গে। মেয়ে আরাধ্যর জন্মের পর আর চলচ্চিত্রে ফেরেননি ঐশ্বরিয়া। লম্বা বিরতি শেষে জাজবা ছবি দিয়ে তিনি আবার ফিরছেন বলিউডে। কিন্তু প্রথম ছবি ভালোয় ভালোয় মুক্তি পেলেও দ্বিতীয় ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তির সময় স্বামী অভিষেকের সঙ্গে বাধছে তাঁর বক্স-অফিস সংঘর্ষ। একই সময় অভিষেকের হাউসফুল থ্রি ছবিটিও মুক্তি পাচ্ছে। ২০১৬ সালের ৬ জুন দুটি ছবিরই মুক্তির দিন হিসেবে ঠিক করা হয়েছে। এখন দেখা যাক, স্বামী-স্ত্রীর এই বক্স-অফিস সংঘর্ষে কে জয়ী হন? ডিএনএ ইন্ডিয়া

রণিতা দাস
রণিতা দাস

বাহামনি কোথায় গেল?
স্টার জলসার সিরিয়াল ইষ্টিকুটুম-এর জনপ্রিয়তার পেছনে রয়েছে এ নাটকের ‘বাহামনি’ চরিত্রটি। কিন্তু হঠাৎ দেখা গেল, বাহামনি সিরিয়ালে নেই। প্রথমে দেখানো হয় পড়াশোনা করতে বাহামনি গেছে দেশের বাইরে। কিন্তু যখন ফিরে এলেন তখন দর্শকদের চোখ ছানাবড়া। কারণ বাহামনি আর আগের মতো নেই। তিনি বদলে গেছেন। চরিত্রটি ঠিক আগের মতো রয়েছে, শুধু বদলে গেছে শিল্পী। প্রথমে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছিল, বাহামনি চরিত্রের অভিনেত্রী রণিতা দাস পড়াশোনার জন্য শুটিং থেকে ছুটি নিয়েছেন। তিনি খুব জলদিই ফিরবেন ইষ্টিকুটুম-এ। কিন্তু এখন বাহামনি চরিত্রে নতুন মুখের আগমনে রণিতার ভক্তরা পড়ে গেছে সংশয়ে। একটাই ভাবনা তাদের, বাহামনি বেশে কি আর দেখা যাবে না রণিতাকে? টাইমস অব ইন্ডিয়া