অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অড্রে হ্যাপবার্ন
অড্রে হ্যাপবার্ন

স্টাইলিশ অড্রে
এই তো গত ৪ মে ছিল তাঁর ৮৬তম জন্মদিন। পৃথিবী ছেড়ে গেছেন আজ থেকে ২২ বছর আগে। অথচ আজও অড্রে হ্যাপবার্ন যুক্তরাজ্যের সবচেয়ে বড় ‘স্টাইল আইকন’! সম্প্রতি এক জরিপ অনুযায়ী ডেভিড বেকহাম ও প্রিন্সেস ডায়ানাকে পেছনে ফেলে ব্রিটেনের সর্বকালের সেরা স্টাইলিশ ব্যক্তির তকমা পেয়েছেন এই অভিনেত্রী। দুই হাজার জনের নামের তালিকা থেকে সেরার অবস্থানটা অবশেষে চলচ্চিত্রের এই সাদাকালো যুগের নায়িকাই জিতে নিয়েছেন।

আলিয়া ভাট
আলিয়া ভাট

আলিয়ার আইকিউ
অভিনয়ের কারিশমা যতই জানা থাকুক না কেন, সাধারণ জ্ঞানে আলিয়া ভাট নাকি বড়ই দুর্বল। এ কথা তিনি জেনেছেন ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর। অনুষ্ঠানে আলিয়া বলেছিলেন, ভারতের প্রেসিডেন্টের নাম নাকি পৃথ্বিরাজ চৌহান! এই এক বেফাঁস মন্তব্য করে বেচারা এমনই ফেঁসেছেন, ভারতে সাধারণ জ্ঞানের দুর্বলতা নিয়ে কথা উঠলেই এখন আলিয়ার নাম চলে আসে! তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক মেমে, কৌতুক, কার্টুন তৈরি হয়েই যাচ্ছে।
সম্প্রতি এক সাংবাদিক আলিয়াকে প্রশ্ন করেছিলেন, হোলি কেন উদ্যাপন করা হয়। প্রশ্ন শুনে মহেশ ভাটের কন্যা ধরেই নিয়েছেন, আবারও বুঝি তাঁর সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হচ্ছে! খেপে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, ‘আপনি সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর, চায়নার প্রেসিডেন্টের নাম জানেন?’ কে জানে, বলিউডের এই নায়িকা হয়তো আজকাল রাত জেগে চুপিচুপি সাধারণ জ্ঞানের বই পড়তে শুরু করেছেন!

রবার্ট ডাউন জুনিয়র
রবার্ট ডাউন জুনিয়র

ডিজে ব্রুস লি!
অ্যাভেঞ্জার্স: এইজ অব আলট্রন মুক্তির পর শুধু যে মার্ভেলই চুটিয়ে ব্যবসা করছে, তা নয়; ঝোপ বুঝে কোপ মেরেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। তেমনই একটি-বো অ্যান্ড অ্যারো করপোরেশন। ফ্যাশন হাউসটির তৈরি ব্রুস লির ছবি-সংযুক্ত একটি টি-শার্ট ছবিতে পরেছিলেন রবার্ট ডাউন জুনিয়র। যেখানে ডিজের ভূমিকায় ব্রুস লি। টি-শার্টটি ‘আয়রন ম্যান’-এর এতটাই পছন্দ হয়েছে যে, পর্দার বাইরেও বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন এই টি-শার্ট গায়ে। ব্যস, ফলাফল যা হওয়ার তা-ই হয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র আর ব্রুস লির ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছে এই টি-শার্ট কিনতে। অ্যাভেঞ্জার্স মুক্তির এক সপ্তাহের মধ্যে বো অ্যান্ড অ্যারো তাঁদের ওয়েবসাইটে ক্রেতাদের কাছ থেকে এক হাজার টি-শার্টের অর্ডার পেয়েছে!

রিয়াদ আহমেদ
বিজনেস ইনসাইডার, সিএনএন ও ডেইলিমেইল অবলম্বনে