অল্প স্বল্প গল্প
অসুস্থ আত্মা!বলিউডে বিরতিহীনভাবে অভিনয় করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। আর আমাদের তারিন রাজেন্দ্রপুরে কনকনে শীতে রাতভর অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ভালোবাসা দিবসের নাটকে আত্মার চরিত্রে অভিনয় করছেন তিনি। সাহিল রনী পরিচালক, সহশিল্পী আজাদ আবুল কালাম। তারিন বলেন, ‘এক জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছি। তবে আত্মার চরিত্রে ভালোবাসার নাটকে এর আগে কখনো অভিনয় করিনি। এ চরিত্রে অভিনয় করার জন্য শীতের মধ্যে নৌকা চালিয়েছি। পুরো পুকুরে তখন শাপলা ফুল ফুটেছিল। শুধু এই দৃশ্য ধারণের জন্য দুই মাস আগে পুকুরে শাপলা লাগানো হয়েছিল। এ রকম চরিত্রে কাজ করতে গিয়ে অসুস্থ হলেও কাউকে বুঝতে দিইনি। কারণ, সবারই কষ্ট হচ্ছে। তার মধ্যেও আমরা চাইছি একটি ভালো কাজ দাঁড়াক। ভালো কাজের জন্য ত্যাগ স্বীকার করার আনন্দও অন্যরকম।’বাপ-বেটার জুটি!বোদ্ধারা ধারণা করেছিল, রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের জাদুকরী জুটির ঝুলিতেই এবার পুরস্কার যাবে। তা না হলেও ক্যাটরিনার সঙ্গে অক্ষয়ের জুটি কিংবা শহীদ কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বাস্তব জুটি কোনোটিই অজনপ্রিয় নয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে বাপ-বেটা যে পুরস্কার ছিনিয়ে নেবে, অনেকে কল্পনাও করতে পারেনি। অবশ্য দর্শকের পছন্দ বলে কথা। স্টার-স্ক্রিন অ্যাওয়ার্ডসে দর্শক ভোট দিয়ে জয়ী করেছে পা ছবির ‘পা’ অভিষেক বচ্চন এবং তার ‘বেটা’ অমিতাভ বচ্চনকে। এই জুটির পুরস্কারটি একসময় শাহরুখের দখলে ছিল। কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, দীপিকার সঙ্গে শাহরুখের জুটি পুরস্কৃত হয়েছিল। এরপর এই বিভাগটি যেন অভিষেক বচ্চনই কবজা করে নিয়েছেন। রানী মুখার্জি, গত বছর জন আব্রাহাম এবং এবার অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের জুটি শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও গেছে অমিতাভের ঝুলিতে। সব মিলিয়ে বলতেই হয়, বাপ-বেটা জিন্দাবাদ! (তথ্যসূত্র: ওয়েবসাইট)