অল্প স্বল্প গল্প
পাঁচ বাঁধনের মেলা! বাঁধনের যারা ভক্ত, তাদের জন্য সুখবর! বাঁধনকে এবার একই নাটকে পাঁচটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর বাঁধনের যারা নিন্দুক, তাদের জন্য অবশ্যই এটা দুঃখের খবর। সুখ-দুঃখ বয়ে নিয়ে আসা এই নাটকের নাম ও টু অর্থাৎ অক্সিজেন। ছবিয়ালের সাধু পরিচালিত এই নাটক দর্শকদের মনে কতটুকু স্বস্তির অক্সিজেন বয়ে নিয়ে আসবে, নাটক দেখে তা বোঝা যাবে; তবে বাঁধনের কথায়, ‘কাজ তো করলাম মন দিয়ে। বাকিটা পরিচালনা, সম্পাদনার ওপর নির্ভর করে।’ সম্প্রতি বাঁধনের কাছে এক ঝাঁক চলচ্চিত্রের প্রস্তাব এসেছে। কিন্তু কোনো ছবি করার জন্যই মন থেকে সায় পাচ্ছেন না তিনি। তাঁর ভাষায়, ‘উচ্চতর পড়াশোনা করতে চাই। চলচ্চিত্রে কাজ করলে পড়াশোনায় ছেদ পড়বে। এই মুহূর্তে তা আমি চাই না।’ক্যাটরিনা আউট, আনুশকা ইন!বেচারা রণবীর কাপুর। অনেক চেয়েছিলেন, ইমতিয়াজ আলীর রকস্টার ছবিতে তাঁর নায়িকা হিসেবে থাকুক ক্যাটরিনা। পরিচালক ইমতিয়াজ কারও অনুরোধ শোনার পাত্র নন। লাভ আজ কাল ছবির নায়ক-প্রযোজক সাইফ আলী খান পর্যন্ত ইমতিয়াজকে অনুরোধ করেছিলেন দীপিকার বদলে কারিনাকে ছবির নায়িকা করার জন্য। ইমতিয়াজ রাজি হননি। তবে এবার তাঁর মন গলেছে। রণবীরের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। কিন্তু ছবিটি করতে অসম্মতি জানিয়েছেন স্বয়ং ক্যাট। হূতিক রোশনের সঙ্গে জয়া আখতারের ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। হূতিকের সঙ্গে কাজ করা ছিল ক্যাটের স্বপ্ন। সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে প্রেমিকের ডাকে সাড়া দিতে পারছেন না পেশাদার অভিনেত্রী ক্যাট। বাধ্য হয়ে রাব নে বানা দি জোড়ি নায়িকা আনুশকা শর্মাকেই নির্বাচন করলেন পরিচালক। বেচারা রণবীর!সূত্র: ওয়েবসাইটচলো লাঠি খেলি...বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ১ থেকে ৫ মে হয়ে গেল ‘চলো লাঠি খেলি’ কর্মসূচির মতবিনিময় শিবির। ‘চলো লাঠি খেলি’ কর্মসূচিতে অংশ নিতে সাতটি বিভাগ থেকে ঢাকায় এসেছিলেন ১০টি লাঠিয়াল বাহিনীর ৫২ জন লাঠিয়াল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সাধনা উপমহাদেশীয় সংগীত প্রসারকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই শিবিরে লাঠিয়ালদের জন্য কর্মশালা পরিচালনা করেন নৃত্যশিল্পী লুবনা মারিয়াম, লোকগবেষক সাইমন জাকারিয়া, পশ্চিম বাংলা থেকে আসা লোকনৃত্য বিশেষজ্ঞ ড. তরুণ প্রধান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মাসুম পারভেজ রুবেল। পাঁচ দিনের শিবিরের কর্মসূচিতে ছিল নথিকরণ, প্রদর্শনী ও কর্মশালা। সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। সমাপনী অধিবেশনে আলোচনা সভা শেষে লাঠিখেলা প্রদর্শনীর আয়োজন করা হয়। আনন্দ প্রতিবেদক