অল্প স্বল্প গল্প
খলনায়ক হুমায়ুন ফরীদির প্রত্যাবর্তন!একসময় দেশীয় চলচ্চিত্রে ছিল হুমায়ুন ফরীদির একচেটিয়া আধিপত্য। খল অভিনেতা হিসেবে ফরীদি ছিলেন অতুলনীয়। কিন্তু বিভিন্ন কারণে একটা সময় বড় পর্দা থেকে সরে আসেন তিনি। ঘোষণা দেন, পছন্দমাফিক ছবি না হলে বড় পর্দায় কাজ করবেন না। সম্প্রতি হুমায়ুন ফরীদি তাঁর পছন্দমাফিক চরিত্র পেয়েছেন। ছোট পর্দার তরুণ জনপ্রিয় পরিচালক রেদোয়ান রনির প্রথম চলচ্চিত্র চোরাবালিতে অন্যতম প্রধান চরিত্রে কাজ করবেন ফরীদি। আর এ ছবির মাধ্যমে খলনায়ক চরিত্রে প্রত্যাবর্তন হবে ফরীদির। পরিচালক বলেন, চোরাবালির কাহিনিই আবর্তিত হয়েছে মাফিয়াদের নিয়ে। ছবির গল্প শুনেই ফরীদি ভাই সম্মতি জানিয়েছেন। আগ্রহী হয়ে জানতে চেয়েছেন, কবে ছবির কাজ শুরু হবে। রনি বলেন, বর্তমানে ছবির শুটিং-পূর্ববর্তী কাজগুলো শেষ করছেন। আইয়ুব বাচ্চু অনেক দিন পর এই চলচ্চিত্রের জন্য গান করে দিয়েছেন। রনির মতে, তিনি এমন চলচ্চিত্র নির্মাণ করতে চান, যে ছবিটি দেশের সব কটি প্রেক্ষাগৃহে চলবে। নিম্ন থেকে উচ্চবিত্ত শ্রেণীর সবাই আগ্রহ নিয়ে দেখবে। যে ছবিতে নাচ, গান, অ্যাকশন—সবই থাকবে। হূতিক হারলেন, রণবীর জিতলেন!অনেকে হিসাব-নিকাশ করে জানিয়েছিলেন, কাইটস হবে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি। অন্যদিকে রাজনীতি দর্শক আনুকূল্য পাবে না। রাজনৈতিক ‘সিরিয়াস’ ছবি কজন দর্শকই বা দেখবে? কিন্তু বক্স অফিস যে কখনোই হিসাব-নিকাশের ধার ধারে না! বক্স অফিসের একটাই দাবি, ছবির গল্প ভালো হতে হবে। দর্শক ধরে রাখার মতো ছবি হতে হবে। প্রকাশ ঝার রাজনীতি এই উদ্দেশ্যে শতভাগ সফল হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ৫৬ কোটি রুপির বেশি ব্যবসা করেছে রাজনীতি। এমনকি অস্ট্রেলিয়ায় থ্রি ইডিয়টস-এর সর্বকালের রেকর্ডও ভেঙে দিয়েছে রাজনীতি। ছবির প্রত্যেক অভিনয়শিল্পী, বিশেষ করে রণবীর কাপুর, অর্জুন রামপাল, মনোজ বাজপায়ির প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে সমালোচক। এ ছবির মাধ্যমে রণবীর-ক্যাটরিনা তাঁদের হিটের ঝুলিতে আরও একটি সাফল্য যুক্ত করলেন। তবে হূতিক রোশন এবার ব্যর্থ হয়েছেন। কাইটস মুক্তির আগে রাকেশ রোশন ৭০ কোটি রুপি লাভ পকেটে ভরলেও চরমভাবে ধরাশায়ী হয়েছে পরিবেশক রিলায়েন্স-বিগ পিকচার্স। দুই সপ্তাহে ৫৪ কোটির কাছাকাছি ব্যবসা করেছে কাইটস। অথচ ১২০ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল রিলায়েন্স-বিগ পিকচার্স। কাইটস-এর মাধ্যমে আট বছর পর ফ্লপ ছবি ঝুলিতে ভরলেন হূতিক রোশন। তথ্যসূত্র: ওয়েবসাইট