অল্প-স্বল্প-গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ-বেটা: মিঠুনের সঙ্গে একই মঞ্চে মহাক্ষয়
বাপ-বেটা: মিঠুনের সঙ্গে একই মঞ্চে মহাক্ষয়

মিঠুন দাদার উদ্বেগ
বলিউডে পারিবারিক উত্তরসূরির রেওয়াজটা বেশ শক্তপোক্তভাবেই বলবৎ আছে। এই ঐতিহ্য বরং দীর্ঘদিনের। তবে বাবা নামকরা তারকা ছিলেন বলে সন্তানও যে পালে জোর হাওয়া পাবে, সেই গ্যারান্টি কিন্তু নেই। মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় যেমন এখনো পায়ের তলে শক্ত জমিন পাচ্ছেন না। ২০০৮ সালে অভিষেক ছবি জিম্মি মুখ থুবড়ে পড়েছিল।

পরের ছবি বিক্রম ভাটের হন্টেড অবশ্য ব্যবসাসফল ছিল। কিন্তু সেই সাফল্য ধুলোয় লুটেছে লুট আর এনিমির ব্যর্থতায়। মিঠুন অবশ্য এতে ছেলের কোনো দোষ দেখেন না, ‘আসলে ভাগ্যটা সহায় হচ্ছে না জন্যই ওকে এখনো সংগ্রাম করতে হচ্ছে। অভিনেতা হিসেবে ওর মধ্যে সবকিছুই আছে। তা না থাকলে আমি অতটা বোকা নই যে ওকে এই কাজ করতে উৎসাহ দেব।’

অপর্ণা সেনের ‘না’

অপর্ণা সেন
অপর্ণা সেন

তাঁর গয়নার বাক্স ছবিতে উঠে এসেছে দৃঢ় নারীবাদী এক দৃষ্টিভঙ্গি। পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে রাসমণি চরিত্রটিকে দিয়ে চাবুকের ঘায়ের মতো শপাং শপাং করে কিছু ভীষণ সত্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

অপর্ণা সেনের ছবিতে একটা নারীবাদী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠেই। তবে নিজেকে শুধু একজন নারীবাদী পরিচয়ের খোলসে বন্দী করতে আপত্তি আছে অপর্ণার, ‘একজন নারী যখন কোনো ছবি বানান, সবাই কেন ভাবে ছবিটা শুধু নারীদের নিয়েই বানানো হচ্ছে?

আমি নিজেকে নারীবাদী কোনো ত্রাণকর্তা ভাবি না।’ নারী পরিচালকের ছবিতে নারীদের খলচরিত্রে দেখানো যাবে না, এমন ধারণা যেমন তিনি সমর্থন করেন না; একইভাবে নারী পরিচালক শুধু আবেগঘন ছবি বানাবেন, তাঁদের দিয়ে যুদ্ধের ছবি বানানো সম্ভব নয়, সেটিও বিশ্বাস করেন না অপর্ণা।

মেরিট ওয়েভার
মেরিট ওয়েভার

ওয়েভারের রেকর্ড

এ সপ্তাহে দেওয়া হলো অ্যামি অ্যাওয়ার্ড। টেলিভিশনশিল্পের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। আর সেই পুরস্কারে একটা রেকর্ড করে ফেলেছেন মেরিট ওয়েভার। বিচিত্র এক রেকর্ড অবশ্যই। অ্যামির ৬৪ বছরের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত পুরস্কার গ্রহণ-পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন ‘নার্স জ্যাকি’ সিরিজে অভিনয়ের জন্য কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতা ওয়েভার। তিনি শুধু বলেছেন, ‘ধন্যবাদ’। এত সংক্ষিপ্ত বক্তব্য কেন? পুরস্কারটি নিয়ে তিনি কি নাখোশ? আসলে ঘটনা অন্য জায়গায়।

একটা লম্বা-চওড়া বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু মঞ্চে আবেগ ধরে রাখতে পারছিলেন না। চোখে পানি চলে এসেছিল। সবার সামনে কেঁদে ফেলার লজ্জাতেই দুই-তিন সেকেন্ডে বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে পড়েন এই অভিনেত্রী!

দৌড়বিদ পামেলা

পামেলা অ্যান্ডারসন
পামেলা অ্যান্ডারসন

পামেলা অ্যান্ডারসনের পরিচয়ের তালিকায় এবার নতুন পালক যুক্ত হলো। এবারের নিউইয়র্ক ম্যারাথনে যোগ দেবেন তিনি। দৌড়াবেন ২৬.২ মাইল লম্বা এই ম্যারাথনে। ‘অংশগ্রহণই বড় কথা’ ধরনের আপ্তবাক্যেও তিনি বিশ্বাসী নন। দৌড়টা সিরিয়াসভাবেই নিয়েছেন। এর জন্য চলছে জোর প্রস্তুতি। নিয়ম করে অনুশীলন করছেন পামেলা।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটে উঠেছে তাঁর সেই দৃঢ় প্রতিজ্ঞাও, ‘আমি সেসব জিনিস করতে পছন্দ করি, যেসব আমার পক্ষে করা সম্ভব নয় বলেই ভাবে অনেকে। এটা সে রকমই একটা কিছু।’ আসলে এই দৌড়ের সঙ্গে যে জড়িয়ে আছে মহৎ উদ্দেশ্য। এই দৌড়ের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করবেন। আর সেই টাকা চলে যাবে হাইতির দুর্গতদের সাহায্যার্থে।

রাজীব হাসান

সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই