অল্প স্বল্প গল্প
আবারও এক ফ্রেমে!মিস ইউনিভার্স ২০০০ লারা দত্ত এবং মিস ওয়ার্ল্ড ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন আন্দাজ ছবিতে। ২০০৩ সালে মুক্তি পাওয়া সে ছবিটি ছিল লারার প্রথম এবং প্রিয়াঙ্কার দ্বিতীয় মুক্তি পাওয়া ছবি। অবশ্য এ ছবির জন্যই লারা-প্রিয়াঙ্কা যৌথভাবে সেরা নতুন মুখের ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন। সাত বছর পর আবারও একই ছবিতে কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা-লারা। ফারহান আখতার পরিচালিত ডন টু ছবিতে কিং খান শাহরুখের বিপরীতে জুটি বাঁধবেন এই দুই সুন্দরী। প্রিয়াঙ্কা চার বছর আগে ডন ছবিতে অভিনয় করলেও ফারহান আখতারের সঙ্গে লারার এটাই হবে প্রথম ছবি। এমনকি রাব নে বানা দি জোড়ি, বিল্লুর গানের অংশ বাদ দিলে শাহরুখের বিপরীতে জুটিবদ্ধ হয়ে কোনো ছবিতেই দেখা যায়নি লারাকে। শুধু তা-ই নয়, ডন টুর অ্যাকশন দৃশ্যগুলোতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন লারা-প্রিয়াঙ্কা। ডন টু মুক্তি পাবে ২০১১ সালের শেষ সপ্তাহে। ৩০-এ মৃত্যু?ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের বয়স ২৪। তাঁর ধারণা, ৩০ বছর বয়সেই তাঁর মৃত্যু হবে। এ রকম অদ্ভুত ধারণা করার পেছনে কারণটাই এখন খুঁজছেন সবাই। টুইলাইট উপন্যাস নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন প্যাটিনসন। সেই খ্যাতিমান অভিনেতা নাকি আর ছয় বছর বেঁচে থাকবেন। কিন্তু কেন? ধারণাকারী স্বয়ংই জানালেন কারণটি, ‘আমার মনে হয়, একজন মানুষের জীবনে তরুণ বয়সেই একের পর এক সাফল্য এসে ধরা দিলে, তার মৃত্যুও অল্প বয়সের জন্য বরাদ্দ। আমি জীবনে না চাইতেই সব পেয়েছি। কোনো ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় না আমাকে। আর কে যেন বলেছিল, এ রকম মানুষের মৃত্যু হয় ৩০ বছর বয়সে। সুতরাং..।’ অবশ্য এ ধরনের অদ্ভুত ধারণা হেসেই উড়িয়ে দিচ্ছেন সবাই। জগতের অনেক খ্যাতিমান ব্যক্তিত্বই অল্প বয়সে খ্যাতি পেয়েছেন। তাতে কী? জন্ম-মৃত্যু-বিয়ে সবকিছুই তো সৃষ্টিকর্তার হাতে। তথ্যসূত্র: ওয়েবসাইট