অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতে আর নয়বিভিন্ন চ্যানেলে ইদানীং গানের যে সরাসরি অনুষ্ঠানগুলো হয়, সেখানে মধ্যরাতের আয়োজনে আর গান গাইবেন না বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী। অপারগতার কারণও জানালেন গুণী এই শিল্পী। বললেন, এ ধরনের সরাসরি অনুষ্ঠান দিনের বেলায় বা রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হলে অংশ নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাত দুই-তিনটা অবধি চললে সেটা সহনীয় নয়। একজন শিল্পীর কণ্ঠই সবকিছু। অধিক রাত অবধি জেগে থাকলে, গান করলে সেই কণ্ঠের মাধুর্য নষ্ট হতে শুরু করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মধ্যরাত পর্যন্ত চলা কোনো সরাসরি গানের অনুষ্ঠানে আর যাব না। ব্রায়ান অ্যাডামসের কনসার্টে বাপ্পাসেই কৈশোর থেকেই ব্রায়ান অ্যাডামসের মহা ভক্ত দলছুটের বাপ্পা মজুমদার। টিভির কোনো চ্যানেলে ব্রায়ানকে গাইতে দেখলেই সব কাজ ফেলে বাপ্পা বসে পড়েন ছোটপর্দার সামনে। সেই ব্রায়ান অ্যাডামস আসছেন থাইল্যান্ডের ব্যাংককে একটি কনসার্টে গান গাইতে। খবর পাওয়ামাত্র ঘুম হারাম বাপ্পার। তাঁকে যেতেই হবে ওই কনসার্টে। অনেক কষ্ট করে জোগাড়ও করে ফেললেন কনসার্টের দুটো টিকিট। দুটো কেন? ‘একা ব্রায়ান অ্যাডামসের গান শুনব কেন? চাঁদনীকেও তাই নিয়ে যাচ্ছি।’ বাপ্পা বললেন। ১৫ ফেব্রুয়ারি ব্যাংককের উদ্দেশে উড়াল দিচ্ছেন সস্ত্রীক বাপ্পা। ব্রায়ানের কনসার্ট ১৬ ফেব্রুয়ারি। আর তিন দিন পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারি একই মঞ্চে গাইবে ব্যান্ড ইগলস। সেটাও মিস করতে চান না বাপ্পা। এক ঢিলে দুই পাখি মেরেই দেশে ফিরবেন তিনি। আবার অপু-রোমানাঅপু-রোমানা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি ছিল ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। ২০১০ সালের সেরা ব্যবসাসফল ছবি এটি। আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন এই দুজন। ছবির নাম বুক ফাটে তো মুখ ফাটে না। ছবিটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। দুজন প্রায় দেড় বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অপু বললেন, ‘আমরা তো খুবই ভালো বন্ধু। ও কাজ করে খুব হাসিখুশিভাবে। ওর উপস্থিতি আমার কাছে খুবই ভালো লাগে।’ রোমানাও অপুর প্রশংসায় পঞ্চমুখ। তবে ছবিতে দুজন যে দুই মেরুর হয়ে কাজ করবেন, সেটিও বললেন তাঁরা। সেখানে কিন্তু তাঁদের মধ্যে সদ্ভাব থাকবে না। দেখা যাক, পরিচালক কীভাবে শাকিব খানের সঙ্গে এ দুজনের রসায়নটা তুলে ধরেন।দিতির প্রশ্নএফডিসি আয়োজিত নতুন মুখের কার্যক্রম অনুষ্ঠানে দিতি তাঁর বক্তব্যে বললেন, ‘আমি যখন নিয়মিত এফডিসিতে কাজ করেছি, তখন শাবানা আপা, ববিতা আপা, চম্পা, শাবনূর, মৌসুমী—সবাই কাজ করেছেন। তারপর এক দিনে দুই-তিন পার্টির শুটিং করেছি। কিন্তু আজ এফডিসির সেই চিত্র নেই। সন্ধ্যার পর এফডিসিতে গেলেই ভয় লাগে।’ দিতি জানতে চান কেন এই অবস্থার সৃষ্টি হলো, ‘আমার প্রশ্ন, আগে তো আমরা শিল্পীরা কেউই শুটিং চলার সময় সোনারগাঁও বা শেরাটনের স্যান্ডউইচ খেতে চাইনি। এখন কেন আপনাদের সেই খাবার দিতে হয়।’ দিতি যখন প্রশ্ন করছিলেন, তখন কেউই এর উত্তর দিতে পারলেন না। দর্শকসারিতে বসা রাজ্জাক দিতির উদ্দেশে বললেন, আসলে এর কোনো উত্তর কেউ দেবে না। তখন মৃদু গুঞ্জন শোনা গেল। কিন্তু দিতি তাঁর প্রশ্নের উত্তর পেলেন না।