অল্প স্বল্প গল্প
‘ময়ূর সিংহাসন’, অতঃপর বিরতি...মঞ্চের দাপুটে অভিনেতা ফজলুর রহমান বাবু এখন অনেকটাই মঞ্চ থেকে দূরে আছেন। আরণ্যক নাট্যদলে তাঁর শেষ অভিনীত নাটক ময়ূর সিংহাসন। এরপর দলটি একাধিক নাটক মঞ্চে আনলেও বাবুকে এসব নাটকে অভিনয় করতে দেখা যায়নি। তাহলে কি তিনি মঞ্চ থেকে বিরতি নিয়েছেন? ‘না, আমি তো ময়ূর সিংহাসন নাটকটিতে নিয়মিতই অভিনয় করি। নাটকটি শততম মঞ্চায়ন পার হয়েছে। আমি সবগুলো প্রদর্শনীতেই অংশ নিয়েছি। তা ছাড়া, এখন তো আর নাটকটির প্রদর্শনী হচ্ছে না। হলে অবশ্যই করব।’ বললেন বাবু। কিন্তু এই নাটকের পরও তো আরণ্যক নাট্যদল সংক্রান্তি, রাঢ়াঙ, শত্রুগণ, এবং বিদ্যাসাগর নাটক মঞ্চে এনেছে, এসব নাটকে তো দেখা যায়নি। বাবু বলেন, ‘এখন তো অভিনয়টাই আমার পেশা। শুটিংয়ের জন্য বেশির ভাগ সময়ই ঢাকার বাইরে থাকতে হয়। দলে নতুন নাটক নামাতে প্রায় তিন-চার মাস সময় লাগে। ঢাকার বাইরে থেকে এসে নতুন নাটকে সময় দেওয়া সম্ভব না। ইচ্ছা থাকা সত্ত্বেও তা পারা যায় না।’ তবে তিনি স্বীকার করেন, ময়ূর সিংহাসন নাটকটির পর নতুন যেসব নাটক এসেছে, সেগুলো থেকে এক প্রকারের বিরতিই নেওয়া হয়েছে। অবশ্য তিনি আবার মঞ্চে নিয়মিত হওয়ার কথা বলেছেন। ‘আমি মঞ্চে আবার নিয়মিত কাজ শুরু করব। নিজেকে একটু গুছিয়ে নিই। কাজ শুরুর আগে তিন-চার মাস টানা টেলিভিশন নাটক থেকে বিরত থাকব। এই সময়টাতে টানা মঞ্চে কাজ করব।’আবহ সংগীতকার নাসিমসুবচন নাট্যসংসদের ক্ষুধিত পাষাণ, তীর্থঙ্কর, খনাসহ একাধিক নাটকে আহসান হাবিব নাসিমের সু-অভিনয় দর্শকের অজানা নয়। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও নিয়মিত তিনি। কিন্তু অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক মঞ্চনাটকেরও আবহসংগীত তৈরি করেছেন, সেটা কম মানুষই জানেন। একই সঙ্গে একাধিক মঞ্চনাটকের গানের সুরও তিনি বানিয়েছেন। নাসিম জানান, মহাজনের নাও নাটকের গানগুলো শাহ আবদুল করিমের। সুতরাং সুরগুলোও তাঁরই। নাটকটির আবহ সংগীত তিনি করেছেন। তবে দলের তীর্থঙ্কর, টুয়েলফ নাইট, খনা, রূপবতী নাটকের গানের সুর ও সংগীত তাঁর করা। বিষয়টি তিনি উপভোগও করেন বলে জানান। তিনি বলেন, ‘আমি মঞ্চে অভিনয়ে আসার আগে থেকেই গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলাম। পরে মঞ্চে যোগ দিয়ে বিভিন্ন কর্মশালায় ইম্প্রোভাইজ করার সময় নিজের কাজের সঙ্গে নিজের করা মিউজিক লাগিয়ে অভিনয় করতাম। ভালোই লাগত। তখন থেকেই মূলত এ কাজ করার নেশা চলে আসে।’নাসিম জানান, দলের খানদানী কিস্সা নাটকটির সিচুয়েশন সংগীত তাঁর তৈরি। পরে নাটকটির নির্দেশক মামুনুর রশীদ নাটকটির জন্য আরও উপযোগী করে সংগীতটি প্রয়োগ করেন।