অল্প স্বল্প গল্প
ঋতুর ছয়!বর্তমান আকাশ মিডিয়ার যুগে মঞ্চের দাপট টিকে আছেই বা কতটুকু। একটা রেওয়াজ হয়েছে বেশ কিছুদিন ধরেই, মঞ্চে যোগ দিয়েই একটা কাজ বা দুটো কাজ—তারপর টেলিভিশনে ঢুকে যাওয়ার প্রাণান্ত চেষ্টা। ঢুকে যেতে পারলেই আর মঞ্চে না-ফেরা এবং এটা অনেকেই করছেন। আবার কারও কারও ক্ষেত্রে টেলিভিশনে কাজ করেও মঞ্চের দিকে নজর কমেনি, এমনও অনেক শিল্পী দিব্যি কাজ করে যাচ্ছেন, তাঁরা টেলিভিশনে সময় দিয়েও একাধিক মঞ্চনাটকের রজনীর পর রজনী পার করছেন। প্রাচ্যনাটের ঋতু সাত্তার সেই দলেরই কর্মী। একটা, দুটো নয়—সাতটি চলতি প্রযোজনায় অভিনয় করে চলেছেন তিনি। টেলিভিশনে অভিনয়, আবার মঞ্চে নিয়মিত এতগুলো কাজ—কীভাবে মিলিয়ে নিচ্ছেন তিনি। ‘টেলিভিশনের কাজটি আসলে পেশা হিসেবেই নিতে চাই। তাই করি। কেননা আমাদের মঞ্চে এখনো পেশাদারি গড়ে ওঠেনি। সব প্রযোজনা তো আর প্রতি মাসে হয় না। বর্তমান সময়ে আমাদের এখানে মিলনায়তন-সমস্যার কারণে মাসে দুই দিন মিলনায়তন বরাদ্দ পাওয়া যায়। ফলে পর্যায়ক্রমে দুটি নাটকের প্রদর্শনী করা হয়। এতে করে টেলিভিশনে কাজ করেও মঞ্চের সময় বের করা কোনো সমস্যাই হয় না।’ বললেন ঋতু। তাঁর মতে, ‘কেউ যদি টেলিভিশনে ব্যস্ত থেকেও থিয়েটারের জন্য সময় বের করতে চাই, তা সহজেই বের করা সম্ভব। এটা নিজের ওপর নির্ভর করে।’ ঋতু অভিনয় করছেন প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, ম্যান ফর অল সিজনস, কইন্যা, গন্ডার, রাজা এবং অন্যান্য, থিয়েটারওয়ালার শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট ও শিল্পকলার পুনর্জন্ম।খালেদ খান থেকে রওনক১৯৮০ সালে নাগরিক নাট্যসম্প্রদায় যখন রবীন্দ্রনাথের অচলায়তন নাটকটি মঞ্চে আনে, তখন নাটকটির পঞ্চক চরিত্রটি করতেন খালেদ খান। টানা ২০০০ সাল পর্যন্ত নাটকটির প্রায় ৭০টি প্রদর্শনী হয়েছে। এর পর ১০ বছর বন্ধ ছিল। আলী যাকের যখন এ সময়ে নাটকটি নতুন করে মঞ্চে আনলেন, তখন পঞ্চক চরিত্রটি করলেন রওনক হাসান। খালেদ খানের জায়গায় যুক্ত হলেন রওনক। কেমন লেগেছে রওনকের? ‘অসাধারণ ভালো লেগেছে। তবে খুবই ভয়ে ছিলাম। আমার কাছে চরিত্রটি ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ছিল। কেননা এই নাটকটিতে অভিনয় করে খালেদ খান নিজেকে আলোচিত করেছিলেন। তা ছাড়া রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ নাটকের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র পঞ্চক। ভীষণ নার্ভাস ছিলাম।’ তিনি জানালেন, নাটকটির কাজের জন্য তিনি টানা ১৫ দিন কোনো টেলিভিশন নাটকের শুটিংয়ে অংশ নেননি। পঞ্চক চরিত্রটি করে খালেদ খান যেভাবে নাটকটির মান তুলে এনেছিলেন, একই চরিত্রে তিনি কাজ করে সেই মানটা কতটুকু বজায় থাকবে, তা মাথায় সারাক্ষণ কাজ করেছে। তবে নাটকটির প্রথম প্রদর্শনীর পর দর্শকের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছেন বলে তিনি জানান। রওনক বললেন, ‘নাটকটির প্রথম প্রদর্শনীর পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছি। প্রদর্শনীর আগে কোনো কারিগরি মঞ্চায়ন হয়নি। এ জন্য কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে এখন মনে হচ্ছে, আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব।’গত ৬ মার্চ নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির বন্ধ-পরবর্তী প্রথম মঞ্চায়ন হয়। ১৮ মার্চ ছায়ানট ভবনে আরেকটি প্রদর্শনী হবে।