অল্প স্বল্প গল্প
কাঁদছেন জুহি চাওলা জুহি চাওলা এখন বিপর্যস্ত ও বিধ্বস্ত। তাঁর ভাই ববি চাওলা আছেন আইসিইউতে। চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য রোজ আম্বানি হাসপাতালে ছুটে যাচ্ছেন জুহি চাওলা। কিন্তু ভাইয়ের চেহারা দেখার সাহস নেই তাঁর। শাহরুখ-জুহির রেড চিলিজ প্রোডাকশনের সিইও ববি চাওলা গত বছর রেস্তোরাঁয় খেতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি কোমায় আছেন। জুহি বলেন, ‘প্রতিদিন বাড়িতে, হাসপাতালে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কিন্তু ভাইয়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ঈশ্বরকে একটা কথাই বলছি, সবকিছুর ক্ষমা আছে। ভাইয়ের এই অবস্থার কেন কোনো উত্তরণ নেই? তার মতো সৎ, বিনয়ী ও আমুদে মানুষ খুব কমই আছে। শাহরুখ তো ওকে বড় ভাইয়ের মতো জানে। ঈশ্বর যদি তাকে নিয়ে যেতে চান, তাহলে কেন নিয়ে যাচ্ছেন না? কেন জীবন-মৃত্যুর মাঝখানে মাসের পর মাস কষ্ট পাচ্ছে?’ কান্নায় ভেঙে পড়েন জুহি।ব্যবসায়ী মন সামিরারসুযোগ পেলে অভিনয়কে ‘টা টা বাই বাই’ জানাবেন সামিরা রেড্ডি। সামিরা বলেন, আমি কখনোই অভিনেত্রী হতে চাইনি। ভাগ্যের চাকায় ঘুরতে ঘুরতে হয়ে গেলাম মডেল। সেখান থেকে অভিনেত্রী। আমি বরাবরই ব্যবসায়ী হতে চেয়েছি। ব্যবসার পুরো ব্যাপারটাই আমাকে আগ্রহ জোগায়। যেমন কোনো পণ্য তৈরি, বিক্রি করা, সেটার বিপণন—আমি এ রকম চ্যালেঞ্জিং কাজ করতেই বরাবর পছন্দ করি। হয়তো কোনো দিন অভিনয় ছেড়ে আমার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী হব। আফসোস, আজ অবধি কেউ আমাকে ব্যবসায়ী নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেননি। ব্যবসায়ী ও মহিলা পুলিশ—দুটি চরিত্রেই আমি অভিনয় করার জন্য মুখিয়ে আছি। সূত্র: ওয়েবসাইটব্যবসায়ী রিয়াজনায়ক, মডেল রিয়াজকে সবারই কমবেশি চেনা আছে। রিয়াজ এই পরিচয়ের বাইরে এখন নতুন এক পরিচয়ে পরিচিত হয়ে উঠেছেন। আজ ঢাকা, কাল অস্ট্রেলিয়া, এরপর ইতালি। এভাবেই মাসের দিনগুলো কাটছে তাঁর। রিয়াজ এখন পুরোদস্তুর ব্যবসায়ী হয়েছেন। একটি আবাসনশিল্পের পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। এখন তিনি ব্যবসার সবকিছুই দেখাশোনা করছেন। সেই সঙ্গে দেশের বাইরে যে মেলাগুলো হচ্ছে, সেখানেও তিনি অংশ নিচ্ছেন। বললেন, নায়ক জীবনে যে আনন্দ ছিল, ব্যবসায়ী জীবনে আরও বেশি আনন্দ পাচ্ছি। তবে চলচ্চিত্রকে একেবারে বিদায় জানাননি, সেটিও বললেন। আর এ কারণেই শিল্পীরা বোধ হয় রিয়াজকে এবার শিল্পী সমিতির কার্যকরী পরিষদে নির্বাচিত করলেন।অপু নিখোঁজ!কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। কোথায় থাকেন তিনি? তাঁর মুঠোফোনও বন্ধ। তাঁর খোঁজ কে জানেন?কেউ জানেন না। নাম তাঁর অপু বিশ্বাস। শাকিবের সঙ্গে শুটিং থাকলে শুটিংয়ের আগের দিন নিজেই অপরিচিত ফোন নম্বর থেকে পরিচালককে ফোন করে জেনে নেন শুটিং লোকেশন। কিন্তু এর বাইরে শত প্রয়োজন হলেও অপুর সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। ফলে অপু বিশ্বাসকে নিয়ে যাঁরা কাজ শুরু করেছেন, তাঁরা আছেন বিপদে। শুটিং লোকেশন পরিবর্তন করা বা শুটিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিলে তাঁকে পাওয়া যায় না। নতুন ছবির শিডিউল নেবেন পরিচালক, কিন্তু কোথায় পাবেন তাঁকে? এ নিয়ে নির্মাতারা এখন এফডিসিতে প্রায়ই বলেন, অপু নিখোঁজ। বিশেষ করে, শাকিবের সঙ্গে অপুর অনেক দিন কোনো কাজ হচ্ছে না। ফলে অপুর দেখাও পাচ্ছেন না কেউ।দিন গুনছেন শ্রাবন্তীডাক্তার সময় বেঁধে দিয়েছেন। এ মাসেই (তারিখটি প্রকাশ করতে চাইছেন না শ্রাবন্তী) শ্রাবন্তী মা হতে যাচ্ছেন। ছয়-সাত মাস ধরে এ কারণেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। প্রায় দুই মাস হতে যাচ্ছে স্বামী খোরশেদ আলমও তাঁকে সঙ্গ দিচ্ছেন। ফেসবুকের মাধ্যমে শ্রাবন্তী বলেন, ‘কাজ থেকে ছুটি নিয়েছি অনেক দিন হলো। কারণ, এত বড় একটি দিনের জন্য যেকোনো মেয়েই সারা জীবন অপেক্ষা করে। আমিও রাত-দিন শুধু অনাগত সন্তানের কথা ভাবছি। এটা হবে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। প্লিজ, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে নতুন বাবুকে নিয়ে দেশে ফিরতে পারি।’