অল্প স্বল্প গল্প
পরিচালককে খুঁজছেন তিন্নিসাধারণত এমন হয়, পরিচালক খোঁজেন নায়িকাকে। কিন্তু তিন্নির বেলায় হয়েছে উল্টোটি। সোহানুর রহমান সোহান তিন্নিকে নিয়ে নির্মাণ করেছেন সে আমার মন কেড়েছে ছবিটি। ছবির শুটিংয়ের পর পরিচালকের নাকি তিন্নির সঙ্গে যোগাযোগ করে ডাবিং করার সময় জানানোর কথা ছিল। কিন্তু তাঁর সঙ্গে আর পরিচালক যোগাযোগ করেননি বলে জানালেন তিন্নি নিজেই। এদিকে তিন্নির মোবাইল ফোনসেট হারিয়ে যাওয়ায় তিনিও আর পরিচালকের সঙ্গে যোগাযোগ করার নম্বর পাচ্ছেন না। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিন্নি বললেন, ‘আমি তো সোহান ভাইকে খুঁজে পাচ্ছি না। ডাবিং কবে করব, তাও জানি না। এ জন্যই তাঁকে আমি খুঁজছি।’শিক্ষার্থী বলে...ঈদের সময় প্রবাসী বাংলাদেশিরা দেশ থেকে প্রিয় তারকাদের নিয়ে যান ঈদ উদ্যাপন করতে। সে হিসেবেই মীমকে বাহরাইন নিয়ে যাওয়ার সব ব্যবস্থাই সম্পন্ন করেছিলেন। ঈদের বন্ধে দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সময় কাটানো, আবার ঘোরাঘুরি করা—দুটো একবারে করার পরিকল্পনাও করে রেখেছিলেন মীম। কিন্তু বিপত্তি ঘটল পাসপোর্টে। পাসপোর্টে মীমের পেশা হিসেবে লেখা আছে শিক্ষার্থী। ফলে ভিসা-জটিলতায় পড়তে হয়েছে তাঁকে। কারণ, মীম শিল্পী হিসেবে বাহরাইন যাবেন, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু পাসপোর্টে পেশার জায়গায় শিল্পী লেখা নেই। ফলে বাহরাইন বোধ হয় এবার আর যাওয়া হচ্ছে না মীমের। জানা গেল, মীম যখন এই পাসপোর্ট করেছিলেন, তখন তিনি পেশাদার শিল্পী ছিলেন না। তাই শিক্ষার্থী হিসেবেই পাসপোর্ট করেছিলেন।