অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও দীপিকা পাড়ুকোন
সালমান খান ও দীপিকা পাড়ুকোন

দীপিকা+সালমান
দীপিকা পাড়ুকোন যাকে বলে রাজকপালী। শাহরুখ খানের মতো নায়কের বিপরীতে অভিষেক হয়েছিল তাঁর। তবে দীপিকা সব সময়ই বলে এসেছেন, শাহরুখ নয়, চলচ্চিত্রে তাঁকে প্রথম ‘ব্রেক’টা দিতে চেয়েছিলেন সালমান খানই। এ জন্য সালমানের প্রতি তাঁর কৃতজ্ঞতারও শেষ নেই। তবে মজার ব্যাপার হলো, এত দিন হয়ে গেল, এখনো কিন্তু সালমানের সঙ্গে কাজই করা হয়ে উঠল না দীপিকার। এ নিয়ে আফসোসই করেন দীপিকা। তবে নতুন বছরে খুশির বার্তাই পেলেন। সালমানের সঙ্গে এ বছরই জুটি বাঁধার সুযোগ পেয়ে যাচ্ছেন। সুরাজ বারজাত্যিয়ার পরবর্তী ছবিতে দেখা যাবে দুজনকে একসঙ্গে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সবকিছুই মোটামুটি চূড়ান্ত। সালমানের সঙ্গে জুটি বাঁধলে এরপর দীপিকার জন্য বাদ থাকবেন কেবল আরেক খান—আমির।

হৃতিক-সুজান
হৃতিক-সুজান

সুজানের দাবি ১০০ কোটি!
তবে কি হৃতিক-সুজানের সম্পর্কের শেষটা আদালত পর্যন্ত গড়াবে! কদর্য আইনি লড়াইয়েই কি মীমাংসা হবে সবকিছুর? বাতাসে যা গুঞ্জন, তাতে কিন্তু সে রকমই মনে হচ্ছে। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর হৃতিকের কাছে ১০০ কোটি রুপি দাবি করেছেন সুজানে। খোরপোশ হিসেবে এই টাকা চাওয়া হয়েছে বলে ভারতীয় একটি পত্রিকায় খবর বেরিয়েছে। কৃষ থ্রির অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্যের পর রোশান পরিবারের ব্যাংক হিসাবে নিশ্চয়ই অনেক টাকা জমেছে। কিন্তু তাই বলে সুজানে এত বড় অঙ্ক দাবি করে বসবেন! সুজানে অবশ্য পরে বিবৃতি দিয়ে দাবি করেছেন, এই খবর সত্যি নয়। সুজানে বলেছেন, ‘হূতিক আর আমার পরস্পরের প্রতি সব সময়ই অসাধারণ শ্রদ্ধাবোধ ছিল। এখন আমাদের একমাত্র লক্ষ্য আমাদের দুই সন্তানের ভবিষ্যৎ।’

পুনম পান্ডে
পুনম পান্ডে

পুনমে অরুচি!
ভারত ২০১১ বিশ্বকাপ জিতলে গায়ে সুতোটি রাখবেন না। জন্মদিনের পোশাকে হাজির হবেন। এমন বিস্ফোরক মন্তব্য করে রাতারাতি আলোচনায় এসেছিলেন পুনম পান্ডে। সংবাদমাধ্যমে একের পর এক খবরে ক্যারিয়ারটাও চাঙা হয়ে উঠেছিল তাঁর। ২০১১ এবং ২০১২ সালে পুনম পান্ডে লিখে গুগলে অসংখ্যবার খোঁজাও হয়েছে। অনলাইনে সবচেয়ে বেশিবার খোঁজা ভারতীয় তারকাদের তালিকায় ওই দুই বছর পুনম যথাক্রমে ছিলেন চতুর্থ ও দ্বিতীয় স্থানে। সবচেয়ে বিস্ফোরক মন্তব্য করে সাময়িক আলোচনায় হয়তো আসা যায়, আখেরে নিজের প্রতিভা না থাকলে সেই অবস্থান কিন্তু ধরে রাখা যায় না। সেটাই বোঝা গেল এ বছর। এই তালিকায় ২০১৩ সালে পুনম নেমে এসেছেন ১০ নম্বরে। পুনমের ব্যাপারে সাধারণ মানুষদের আগ্রহ যে কমছে, এটাই তার প্রমাণ।

অ্যান হ্যাথাওয়ে
অ্যান হ্যাথাওয়ে

অদ্ভুত প্রতিশোধ
পাপারাজ্জিদের উৎপাত নতুন কিছু নয়। বিরক্ত হয়ে পাপারাজ্জিদের ওপর চড়াও হওয়াও তারকাদের জন্য পুরোনো ঘটনা। তবে অ্যান হ্যাথাওয়ে যা করলেন, সেটাকে অভিনবই বলতে হবে। ডার্ক নাইট রিটার্নস তারকা গত বৃহস্পতিবার তাঁর পোষা কুকুর এসমেরাল্ডাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে হাঁটতে বেরিয়েছিলেন। এমন সময় এক পাপারাজ্জি পিছু নেন তাঁর। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি এই অভিনেত্রীর। এমন সময় তাঁর কুকুর প্রকৃতির ডাকে সাড়াও দিয়ে দেয়। হুট করে হ্যাথাওয়ের মাথায় বুদ্ধি খেলে যায়। তিনি কুকুরের বিষ্ঠা সেই পাপারাজ্জির গাড়ির সামনের গ্লাসে ছুড়ে মারেন। একেবারে বিষ্ঠায় মাখামাখি! ভালোই শোধ তুলেছেন অ্যান!