অল্প স্বল্প গল্প
কারিনা নয়, ক্যাটরিনা!প্রিয়াঙ্কা চোপড়ার কোনো ছবির সঙ্গে নিজেকে আর যুক্ত করবেন না, পণ করেছেন কারিনা কাপুর। অগ্নিপথ ছবির আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কারিনা আবারও আগুনে ঘি ঢেলে দিয়েছেন। শুধু প্রিয়াঙ্কার জন্য কারিনা ‘না’ করে দিয়েছেন দীর্ঘদিনের বন্ধু করণ জোহর ও হূতিক রোশনকে। আট বছর আগে করণের কাল হো না হো ছবির প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর কারিনা নিজেই স্বীকার করেছিলেন, আর কখনোই করণের ছবির প্রস্তাব ফিরিয়ে দেবেন না। তবে এবার নিজেই যুক্তি দেখিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো ছবিতে কাজ করতে চান না তিনি। সুতরাং কারিনা বাদ, আগমন ক্যাটরিনা কাইফের। হূতিক রোশনের সঙ্গে সর্বশেষ জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। এবার হূতিক-প্রিয়াঙ্কার অগ্নিপথ-এ আইটেম গানে দেখা যাবে তাঁকে। ফিল্মফেয়ার।আনুশকার নায়ক ইমরান!মাটরু কি বিজলী কা মানডোলা—কী অদ্ভুত নাম! আর এই নামেই নির্মিত হচ্ছে ছবি। পরিচালক স্বনামে বিখ্যাত বিশাল ভরদ্বাজ। আর এ ছবিতেই প্রথমবার জুটিবদ্ধ হওয়ার কথা ছিল অজয় দেবগন-আনুশকা শর্মার। কিন্তু রোহিত শেঠির বোল বচ্চন ছবির সঙ্গে শিডিউল ক্ল্যাশ করায় এবার অজয় বিশালের ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে পরিচালক নিয়েছেন ইমরান খানকে। দিল্লি বেলি ছবিতে ইমরানের কাজ দেখে মুগ্ধ হয়েছেন বিশাল। ইমরানও বিশালের সঙ্গে কাজের প্রস্তাব লুফে নিয়েছেন। আনুশকার সঙ্গেও এটি হবে তাঁর প্রথম কাজ। আনুশকা সব সময়ই ইমরানের সঙ্গে কাজের জন্য মুখিয়ে ছিলেন। আগামী বছর মুক্তি পাবে মাটরু কি বিজলী কা মানডোলা। ফিল্মিক্যাফে।