অল্প স্বল্প গল্প

নতুন আশ্রয়ের খোঁজে
দীপিকা পুরোনো হয়েছে বেশ আগে। এরপর ক্যাটরিনার সঙ্গে লুকোচুরি প্রেম। মাঝে কিছু সময় কাপুরপুত্র রণবীর মেতে ছিলেন নার্গিস ফাখরিকে নিয়েও। শেষমেশ আবারও দীপিকা আর ক্যাটে ফেরা। তবে এবার আর অতীতের পুনরাবৃত্তি নয়। অনেক হলো! রণবীর খুঁজছেন নতুন আশ্রয়। কিন্তু কে সে? সরাসরি না হলেও, বেশ কৌশলেই রণবীর মজেছেন আলিয়াতে। আলিয়া ভাটের হাইওয়ে দেখার পর নাকি পরিচালক ইমতিয়াজ আলিকে অনুরোধ করেছেন রণবীর, পরবর্তী ছবিতে তাঁর বিপরীতে এই ‘ভাটকন্যা’কে চান তিনি। কিন্তু ইমতিয়াজ তাঁর নতুন ছবি উইন্ডো সিট-এর জন্য এরই মধ্যে চূড়ান্ত করেছেন দীপিকাকে। বেচারা রণবীর, পুরোনো আশ্রয়েই রয়ে গেলেন!

প্রেমিক ফর্দ ফাঁস
অনেকে নাম ভুলে এ মেয়েকে ডাকে ‘অঘটনঘটনপটীয়সী’ নামে। সেই নামের সার্থকতা আবারও প্রমাণ করলেন লিন্ডসে লোহান। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ পেয়েছে লোহানের হাতে লেখা একটি প্রেমিক ফর্দ। এতে লিন্ডসে লোহান তাঁর বিভিন্ন সময়ের ৩৬ জন সেলিব্রিটি প্রেমিকের নাম উল্লেখ করেছেন, যেখানে প্রয়াত অভিনেতা হিথ লেজার থেকে শুরু করে জাস্টিন টিম্বারলেকের নামও আছে। জানা গেছে, গেল বছরের ৩০ জানুয়ারি বান্ধবীদের সঙ্গে বেভারলি হিলস হোটেলে বসে এই তালিকাটি নিজ হাতে লিখেছিলেন লিলো। এরপর তা ওই হোটেলকক্ষেই ফেলে আসেন তিনি। বছর ঘুরে সেই ফর্দই এখন ‘টক অব দ্য টাউন’

রণদ্বীপের অশ্বপ্রেম
সাফল্য শুধু হাইওয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। রণদ্বীপ হুদার মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হয়েছে সম্প্রতি। জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে তাঁর অশ্বপ্রেম। এ অভিনেতার শখ হচ্ছে অশ্বারোহণ। তাঁর নিজের আছে পাঁচটি ঘোড়া, যাদের নিয়মিত দেখভাল করে থাকেন খোদ রণদ্বীপ। এর সূত্র ধরেই ১১ মার্চ অনুষ্ঠিত ভারতের জাতীয় অশ্বারোহী প্রতিযোগিতায় এ অভিনেতা জিতেছেন দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক। সবশেষে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিজের অশ্বরোহণ মেধা দিয়ে।

অনুশোচনা নেই
চলচ্চিত্র তারকাদের জীবনটাই এমন। নিত্য তাঁদের খেলতে হয় জুয়া। কখনো সেই জুয়ায় তারা জেতেন, কখনো হারেন। কখনো খুব ভেবেচিন্তে কোনো ছবিতে সই করেন, কিন্তু দেখা যায় ছবিটা নিতান্তই ফ্লপ মেরে যায়। আবার কখনো এমন ছবি ফিরিয়ে দেন, যে ছবি পরে বেশ আলোচিত হয়। কারিনা কাপুরও এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। রাম-লীলার পর কুইন ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। এই দুটো ছবিই বেশ আলোচিত হয়েছে। অথচ এর বদলে যে ছবিগুলোতে কাজ করছেন, সেগুলো সব জট পাকিয়ে গেছে। শুদ্ধি বা বম্বে সামুরাইর শুটিং আটকে আছে। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলেই জানালেন কারিনা।
রা. হা., সূত্র: টিওআই, আইএএনএস, এএনআই

লাকি থার্টিন
লোকমুখে প্রচলিত ১৩ সংখ্যাটি অপয়া। কিন্তু এমনটি খাটে না এ সময়ের সবচেয়ে সফল সংগীতশিল্পী টেইলর সুইফটের বেলায়। তাঁর বেলায় ১৩ হলো শুভ সংখ্যা। এ জন্যই নিজের সব পারফরম্যান্স, অ্যাওয়ার্ড শো আর টিভি শোর আগে নিজের শরীরের কোনো না কোনো অংশে ১৩ সংখ্যাটি এঁকে নেন। ‘লাকি থার্টিন’ প্রসঙ্গে এ শিল্পীর বয়ান হলো, ‘আমার জন্ম ১৩ ডিসেম্বর। আমার প্রথম অ্যালবাম ১৩তম সপ্তাহে গিয়ে গোল্ড অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আমার প্রথম টপচার্টের শীর্ষে থাকা গানটিতে ১৩ সেকেন্ডের একটি বিশেষ ইন্ট্রো ছিল। এমন আরও অনেক কারণ আছে, যা আমাকে মানতে বাধ্য করে যে ১৩ আমার জন্য শুভবার্তা বহন করে।’
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ অবলম্বনে