অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদের আগুনআগুনে পুড়েই তো খাঁটি হয় সোনা। একজন শিল্পীও তেমনি ব্যক্তিগত জীবনের ব্যর্থতা আর হতাশার আগুনে পুড়ে পুড়ে নিখাদ সোনা হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনের বিরহ-ব্যর্থতাই একজন শিল্পীর অন্তহীন প্রেরণার উৎস। এত এত দার্শনিক আপ্তবাক্য আওড়ানোর শানে নযুল কী? নোরা জোন্স! কিংবদন্তি রবিশংকরের মেয়ে, মার্কিন সংগীততারকা জোন্সের সঙ্গে সম্প্রতি ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর লেখক প্রেমিকের। ১৮ মাসের প্রেমের সম্পর্ক রেখে গেছে অনেক মধুর স্মৃতি। আর রেখে গেল প্রেরণা! বিচ্ছেদের অনলে পুড়েই জোন্স লিখলেন নতুন গান। আর সেই সব গান নিয়ে এসেছে তাঁর নতুন অ্যালবাম লিটল ব্রোকেন হার্টস। ৩৩ বছর বয়সী জোন্স নিজেই স্বীকার করেছেন, ‘বিচ্ছেদের কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। এই অ্যালবামের পেছনে অনেক বড় প্রেরণা হয়েছিল এই অভিজ্ঞতা। যখন আপনি লিখবেন, সে সময় যদি নিজেকে লুকানোর চেষ্টা করেন, সেটা হবে একধরনের প্রতারণা।’ জাদুর ছড়িহ্যারি পটার নামের সেই কিশোরের হাতে ছিল আশ্চর্য এক জাদুর ছড়ি, যা দিয়ে করে দেখানো সম্ভব অসম্ভব সব কাণ্ডকারখানা। বাস্তবের জীবনে জাদুর ছড়ি থাকে না। কিন্তু চাইলে একটা জিনিসকে জাদুর ছড়ি বানিয়ে ফেলা যায়, যে ছড়িতে ঘটানো সম্ভব অলৌকিক সব ব্যাপারস্যাপার। আর সেই ছড়িটা হলো কলম! ড্যানিয়েল র‌্যাডক্লিফের উপলব্ধি এটাই। রুপালি পর্দার হ্যারি পটার তাই এবার কলম হাতে তুলে নিয়েছেন। উপন্যাস লেখার পরিকল্পনা এঁটেছেন। অনুসরণ করতে চাইছেন জে কে রাউলিংকে। ‘আমি ভবিষ্যতে লেখালেখিটা পেশাদারি দৃষ্টিভঙ্গিতে নিতে চাই।’ লেখালেখি নিয়ে কতটা সিরিয়াস, তা বোঝাতেই বলেছেন র‌্যাডক্লিফ। তা নতুন এই ভূমিকায় কেমন করছেন? আত্মসমালোচনা করলেন অনায়াসে, ‘লেখার চেষ্টা করছি স্রেফ। জানি না ভালো করছি কি না। তবে নিজের লেখা নিজের কাছেই মাঝেমধ্যে এতটা বাজে মনে হয়, ছুড়ে ফেলে দিই।’ ভালো লেখক হয়ে উঠতে হলে কী করা উচিত, তা জানতে শিগগিরই রাউলিংয়ের পরামর্শও নেবেন র‌্যাডক্লিফ।প্রেমের পাঠশালাপ্রথম বিয়েটা টিকেছিল দুই বছর। দ্বিতীয়টার আয়ু একটু বেড়ে তিন বছর হলেও অভিজ্ঞতা ছিল প্রথমটার চেয়ে খারাপ। স্বামী টনি পারকারকে আবিষ্কার করেছিলেন পরকীয়ার চোরাবালিতে আকণ্ঠ নিমজ্জিত অবস্থায়! এরপর বিয়েকে লাল সালাম জানিয়ে শুধু প্রেম করবেন বলে পণ করেছিলেন। পেনেলোপ ক্রুজের ভাই এদুয়ার্দো ক্রুজের সঙ্গে সেই প্রেমটাও এক বছরের মাথায় আইসিইউতে। সব দেখেশুনে এভা লঙ্গোরিয়ার সরল স্বীকারোক্তি, ‘আমি বোধহয় প্রেমিকা হিসেবে মোটেও ভালো নই।’ ডেসপারেট হাউসওয়াইভসখ্যাত ৩৭ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী মনে করেন, প্রেমের ময়দানে পাকা খেলোয়াড়ই হতে হয়। না হলে হজম করতে হয় ভূরি ভূরি গোল। কিন্তু প্রেম শেখানোর তো কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেই অভাব পূরণ করতে পারে টিভির রিয়্যালিটি শো। লঙ্গোরিয়া এমন একটা অনুষ্ঠান নিয়েই হাজির হচ্ছেন দর্শকদের সামনে। অনুষ্ঠানের নাম রেডি ফর লাভ। রা. হা. তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএসএবার কারিনা-রণবীর জুটি!না, চাচাতো ভাই রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের সিদ্ধান্ত নেননি কারিনা কাপুর। ভাইবোন জুটিবদ্ধ হয়ে একসঙ্গে কখনো অভিনয় করা হবে না—জানিয়েছিলেন কারিনা-রণবীর কাপুর। তাঁরা সেই সিদ্ধান্তে অটল আছেন। তবে কারিনা এবার আরেক রণবীরের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ব্যান্ড বাজা বারাত, লেডিস ভার্সেস রিকি ভেল-এর নায়ক রণবীর সিংয়ের নায়িকা হবেন কারিনা। তা-ও সঞ্জয় লীলা বানসালির মতো মেধাবী পরিচালকের ছবিতে। রোমিও-জুলিয়েট ধাঁচের একটি প্রেমের মিউজিক্যাল ছবি নির্মাণ করতে চলেছেন বানসালি। আর এই প্রথমবারের মতো তিনি কারিনা-রণবীর সিংকে প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ করে সবাইকে চমকে দিয়েছেন। কারিনা এর আগে বানসালির সঙ্গে দেবদাস ছবিতে অভিনয়ের ইচ্ছা দেখিয়েছিলেন। বানসালি পরে সালমান খানের বিপরীতে কারিনাকে নিয়ে বাজিরাও মাস্তানি নামে একটি ছবির পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর কারিনা-বানসালির একসঙ্গে কাজ করা হয়নি। এবার বানসালির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কারিনা বেজায় খুশি। তাঁর মতে, বানসালি ভারতের সেরা পাঁচজন মেধাবী পরিচালকের একজন। ওদিকে রণবীর তার প্রিয় নায়িকা কারিনার বিপরীতে বানসালির ছবিতে নায়ক হতে পেরে এখন এতটাই আবেগাপ্লুত, তিনি সব সাংবাদিককে একটি কথাই বলছেন, ‘আমি আকাশে ভাসছি। মাটিতে নেমে কিছুদিন পর আপনাদের সঙ্গে কথা বলব।’ রু. র. খা.ফিল্মফেয়ার অবলম্বনে