অল্প স্বল্প গল্প

পাল্টাপাল্টি প্রতারণা!
মঞ্চে তাঁদের রসায়ন ঈর্ষণীয়। তবে মঞ্চের বাইরের রসায়ন বিগড়ে যাচ্ছে দিন দিন। রেড কার্পেটে ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল দম্পতি জে জি-বিয়ন্স। তবে পর্দার আড়ালে ইদানীং ঝড় বয়ে যাচ্ছে এ জুটির সংসারে। প্রথমে খবর ছড়ায়, সংগীতশিল্পী রিটা ওরার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন জে জি। এখন বাতাসে নতুন গুঞ্জন। জানা গেছে, নিজের দেহরক্ষী জুলিয়াস ডে বোরের সঙ্গে গোপন প্রেম চলছে বিয়ন্সের। তবে পাল্টাপাল্টি এই প্রতারণার অভিযোগ লোকমুখে শোনা গেলেও, এখনো এ নিয়ে মুখ খোলেনি জে জি-বিয়ন্স যুগল। হয়তো সম্পর্ক টিকিয়ে রাখার শেষ চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন।

ঠিকাদার সালমান
অভিনয় অনেক হয়েছে, জনসেবা অনেক হয়েছে, প্রেমও অনেক হয়েছে। এবার তাই মোড় বদলে নতুন কিছু করতে যাচ্ছেন সালমান খান। জানা গেছে, এ অভিনেতা এখন নির্মাণব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান নির্মাণ করবেন একটি প্রিভিউ িথয়েটার এবং একটি শপিং কমপ্লেক্স। সালমানের নতুন এই পরিকল্পনার ব্যাপারে মুখ খুলেছেন তাঁর বাবা সেলিম খান। কারণ আপাতত তিনিই সালমানের হয়ে এই পুরো বিষয়টি তদারক করছেন।

ওজন যাচ্ছে বেড়ে
ম্যাকডোনাল্ডস আর টাকো বেলের আসক্তিতে ধরেছে ব্রিটনি স্পিয়ার্সকে। ভাবলেশহীনভাবেই খেয়ে চলছেন সব ধরনের ফাস্টফুড। তাঁর পছন্দের তালিকায় এখন আরও যোগ হয়েছে চিকেন ফ্রাই আর স্টারবাকসের ফ্রাপ্পাচিনো। তার ওপর আবার ইদানীং নাকি ওয়ার্কআউটও ছেড়ে দিয়েছেন প্রায়। এত সবের প্রভাব তো শরীরে পড়বেই। হ্যাঁ, এসব অনিয়মের কারণে এখন ব্রিটনির ওজন বেড়ে গেছে ১৩ কেজি! চর্বি জমেছে পেটে আর পায়ের ওপরের অংশে। বাড়তি ওজন কমানোর কোনো জোর চেষ্টা না করলেও, মেদ ঢাকার জন্য বেশ কায়দা করে পোশাক পরছেন ব্রিটনি, জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ একজন।

রাজনীতিতে ক্লুনি
প্রথমে হাই-প্রোফাইল আইনজীবীর সঙ্গে প্রেম, এরপর বাগদান আর এখন বিয়ের প্রস্তুতি। জর্জ ক্লুনির হঠাৎ এত তাড়ার পেছনের রহস্যটা অবশেষে উন্মোচিত হলো। জানা গেল, বিয়ের পরের এজেন্ডাই হলো রাজনীতি। ক্যামেরার পেছনে এখন নতুন পরিচয় চাই ক্লুনির। তাই বাগদত্তা আমাল আলমুদ্দিনের সঙ্গে সলাপরামর্শ করে নতুন পথে যাত্রা করার পরিকল্পনা এখন কাঁচা-পাকা চুলের এই অভিনেতার। তাঁর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ক্লুনির লক্ষ্য, ২০১৬ সালের নির্বাচন, যেখানে তিনি ডেমোক্র্যাট প্রার্থী হয়ে মাঠে নামবেন। আর তাঁর পাশে থাকবেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী, খ্যাতনামা মানবাধিকার বিশেষজ্ঞ ক্লুনির হবু স্ত্রী আমাল। এবার বোঝা গেল তো, হলিউডের স্বপ্নকন্যাদের রেখে কেন ক্লুনি এক সুন্দরী আইনজীবীর প্রেমে পড়লেন!
সেঁজুতি রহমান
সূত্র: পিটিআই, মিড ডে, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া, আইএএনএস