অল্পের জন্য প্রাণে বাঁচলেন লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। ৮ জুন ক্যালিফোর্নিয়া প্রধান সড়কে একটি আবর্জনা বহনকারী ট্রাকের সঙ্গে লিন্ডসের পোর্শে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই লিন্ডসেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য দুই ঘণ্টা বাদেই হাসপাতাল ত্যাগের অনুমতি পেয়েছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্ঘটনায় লিন্ডসের গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।কালো রঙের পোর্শে গাড়িটি নিজেই চালাচ্ছিলেন লিন্ডসে। সে সময় তাঁর পাশে অজ্ঞাতনামা একজন পুরুষ সঙ্গীও ছিলেন। তাঁদের গন্তব্য ছিল ‘লিজ অ্যান্ড ডিক’ ছবির সেট। সান্তা মনিকার প্যাসিফিক কোস্ট হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছিলেন লিন্ডসে। সে সময় বিপরীত দিক থেকে আসা ১৮ চাকার বিশাল একটি ট্রাকের সঙ্গে তাঁর পোর্শে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ প্রসঙ্গে লিন্ডসের মুখপাত্র স্টিভ হোয়িং এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ছবির সেটে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন লিন্ডসে। সৌভাগ্যক্রমে ভয়াবহ এ দুর্ঘটনায় কেউই তেমন আহত হননি। দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলেও, দুই ঘণ্টারও কম সময়েই ছাড়া পেয়েছেন লিন্ডসে। ছাড়া পেয়েই লিজ অ্যান্ড ডিক ছবির সেটে পৌঁছে শুটিং করেছেন। এখন তিনি পুরোপুরি ভালো আছেন।’ এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় লিন্ডসে কিংবা ট্রাকচালকের কেউই নেশাগ্রস্ত ছিলেন না।