অল্পের জন্য রক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মীর সাব্বির। নাটকে সহশিল্পী চিকিৎসক এজাজুল ইসলাম দ্রুত চিকিৎসা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাব্বির। শনিবার এ ঘটনাটি ঘটেছে পুবাইল ও গাজীপুরের মাঝামাঝি পাখির টেক এলাকায়। এখানে ঈদের জন্য জোড়া শালিক নাটকের শুটিং হচ্ছিল।নাটকটির নাট্যকার ও পরিচালক সুমন আনোয়ার জানান, গ্রামের দুই ছিঁচকে চোরের গল্প নিয়ে এ নাটকটি। ঘটনাচক্রে তারা দুজন অনেক টাকা পেয়ে যায়। নেতাকে এড়িয়ে এই টাকা তারা আত্মসাৎ করতে চায়। কিন্তু পারে না। একসময় নেতার হাতে তারা ধরা পড়ে। শাস্তি হিসেবে নেতা তাদের গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন। আর এখানেই ঘটে বিপত্তি। বৃষ্টির জন্য শটটা নিতে অসুবিধা হচ্ছিল।বৃষ্টি থামার পর আগে থেকে তৈরি গর্তে নামানো হয় মীর সাব্বির ও এজাজুল ইসলামকে। এরপর তাদের গলা পর্যন্ত মাটি দিয়ে ভরাট করা হয়। এভাবে তাঁদের দুই ঘণ্টারও বেশি সময় থাকতে হয়েছে। এ সময় সাব্বিরের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে অসুবিধা শুরু হয়। তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তাঁর চিৎকারে আশপাশে থাকা শুটিংয়ের অন্য লোকজন এগিয়ে আসেন। তাঁকে দ্রুত মাটি থেকে তুলে আনা হয়। এজাজুল ইসলাম তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। বেশ কিছু সময় পর সাব্বির স্বাভাবিক হন। তখন পর্যন্ত শট চূড়ান্ত না হওয়ায় আবার তাঁদের সেই গর্তে নামতে হয়। এরপর অবশ্য আর কোনো সমস্যা হয়নি।এজাজুল ইসলাম বলেন, ‘মাটির চাপের কারণে আমাদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় হূদযন্ত্র দ্রুত বন্ধ হওয়াসহ নানা শারীরিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।’