অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কীভাবে যে বেঁচে গেছি তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না। শুধু এটুকু জানি, নিশ্চয়ই আমাদের পুরো পরিবারের ওপর আল্লাহর রহমত আর মানুষের দোয়া ছিল। তাই আজ বেঁচে গেছি। তা না হলে হয়তো সবাইকে লাশ হয়ে ফিরতে হতো।’ বললেন শাবনূর। গতকাল শনিবার সকাল ছয়টায় কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শাবনূর।দুপুরে মুঠোফোনে শাবনূরের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি ছিলেন চট্টগ্রামে। জানালেন, দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন মা, চালক ও দুজন আত্মীয়। দুর্ঘটনায় শাবনূর মাথায় আঘাত পেয়েছেন। এ ছাড়া বুকে, চোখে ও মুখে আঘাত লেগেছে। তবে তাঁর মায়ের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন ও হাসপাতালের সহযোগিতায় তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিত্সকের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় তাঁদের বিকেল পর্যন্ত ঢাকায় পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, হাটহাজারী এলাকায় একটি দ্রুতগতির ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাবনূরের গাড়ি রাস্তার পাশের ফসলি জমিতে পড়ে যায়। আশপাশের মানুষ তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। শাবনূর তাঁর ও অন্যদের দ্রুত আরোগ্য কামনা করে সবার দোয়া চেয়েছেন।