অল্পের জন্য রক্ষা পেলেন বরুণ-আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ার সঙ্গে বরুণ
আলিয়ার সঙ্গে বরুণ

বরুণ ধাওয়ান-আলিয়া ভাট জুটির নতুন ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই। সম্প্রতি এ ছবির প্রচারণার কাজে যাওয়ার সময় আহমেদাবাদে সড়ক দুর্ঘটনার শিকার হন বরুণ-আলিয়া। অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার জে পি পারমারের গাড়িটি বরুণ-আলিয়াকে বহনকারী গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। অবশ্য এ দুর্ঘটনায় তাঁদের বড় ধরনের কোনো চোট লাগেনি। অক্ষত ও সুস্থ আছেন তাঁরা।  

এ প্রসঙ্গে বরুণ-আলিয়ার কাছের একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির প্রচারণায় অংশ নিতে আহমেদাবাদ গিয়েছেন বরুণ-আলিয়া। বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন তাঁরা। বিলাসবহুল সেডান গাড়ির পেছনের আসনে বসে ছিলেন বরুণ ও আলিয়া। বেলা ১১টার দিকে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি।

‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির দৃশ্যে বরুণ-আলিয়া
‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির দৃশ্যে বরুণ-আলিয়া



সে সময় এক পুলিশ কর্মকর্তার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বরুণ ও আলিয়াকে বহনকারী গাড়ির পেছনের অংশের কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কাচের টুকরো পেছনের আসনে ছিটকে পড়ে। আতঙ্কে গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে আসেন বরুণ ও আলিয়া। ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের শরীরে তেমন কোনো আঘাত লাগেনি।

দুর্ঘটনার পরপরই ভক্তরা বরুণ ও আলিয়াকে ঘিরে ধরার চেষ্টা করেন। তখন দ্রুত আরেকটি গাড়িতে চেপে দুর্ঘটনাস্থল ত্যাগ করেন বরুণ ও আলিয়া।

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার জে পি পারমার বলেন, ‘হ্যাঁ, আমার গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল। গাড়ির চালক আমাকে জানিয়েছে, বিষয়টির মীমাংসা হয়ে গেছে। এ জন্য বিস্তারিত আর কিছু জানার চেষ্টা আমি করিনি।’