
গণগ্রন্থাগার চত্বরে মা-বাবার সঙ্গে আনন্দ উদ্যাপন করছিল ময়মনসিংহের সিঁথি সরকার। রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় কিশোর বিভাগে সারা দেশ থেকে অনন্য মান পাবে, ভাবতেই পারেনি সে। মন দিয়ে গান করতে চায়, ভবিষ্যতে গান নিয়ে পড়তে চায় সে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। সকালে পরিষদের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছিল প্রতিনিধি সম্মেলন। সেখানে প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তাঁরা।
বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিশুদের পাঠ্যপুস্তকে অসংগতির ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সব অশুভকে রুখতে আমাদের সাংস্কৃতিক আন্দোলন আরও বাড়াতে হবে। তবলাশিল্পী মদন গোপাল দাস ও পটশিল্পী শম্ভু আচার্য্যকে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা স্মারক দেন তিনি। মদন গোপাল দাসের পক্ষে পুরস্কারটি নেন তাঁর ছেলে। রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ।
সমাপনী সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান করেন পাপিয়া সারোয়ার, রোকাইয়া হাসিনা, এ টি এম জাহাঙ্গীর, স্বপন দত্ত, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, আদৃতা আনোয়ার, লাইসা আহমদ লিসা, মহিউজ্জামান চৌধুরী, পার্থ তানভীর নভেদ, তানিয়া মান্নান, অনিমা রায়, অদিতি মহসিন, মানসী সাধু, সমাপ্তি রায়, মামুন জাহিদ খান প্রমুখ। নাচ করে অমিত চৌধুরী, সুইটি দাস ও নৃত্যনন্দন।
সম্মিলন পরিষদের ৩৬তম এ সম্মেলনে সন্জীদা খাতুনকে সভাপতি, বুলবুল ইসলাম সাধারণ সম্পাদক এবং নাসেহুন আমিনকে কোষাধ্যক্ষ করে ৬৩ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।