অষ্টগ্রামে ‘জরিনার সংসার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের জীবন অন্য রকম। জলে ঘেরা এই জনপদের মানুষগুলোর জীবন দুর্যোগময়, কুসংস্কারে ভরা। কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটককে বেছে নিয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের মাকসা সাহিত্য পরিষদ। এই কথাই বলছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ রায়হান। সম্প্রতি তাঁরা সম্পন্ন করলেন জরিনার সংসার নাটকটির ১৫তম মঞ্চায়ন। গত শনিবার অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করে।মাকসা সাহিত্য সমাজকল্যাণ পরিষদ থেকে জানানো হয়, বাল্যবিবাহ, কৃষি ও হাওরের নানান ধরনের দুর্যোগের বক্তব্য নিয়ে নাটকটির প্রথম শো প্রদর্শিত হয় গত বছরের ২৯ ডিসেম্বর উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরে। সংগঠনের সভাপতি জীবনময় শীল, সাধারণ সম্পাদক ফরিদ রায়হান ও সদস্য মফিজুল ইসলাম যৌথভাবে নাটকটি পাণ্ডুলিপি তৈরি করেন ও নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটকটি প্রধান চরিত্রে অভিনয় করছেন রায়হান, লাইলী, কাউসার, মিঠু দেব, মোক্তার, জাকিয়া বিন জাকির, বকুল, কাকন ও লিমন।চরাঞ্চলে অবাধ তথ্যপ্রবাহ না থাকায় এসব কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটককে বেছে নিতে হয়েছে। হাওরবাসীর কাছে এরই মধ্যে নাটকটি জনপ্রিয় হয়ে উঠেছে। এক বছরের মধ্যে অন্তত আরও ১৫টি শো প্রদর্শনের আগ্রহ আছে বলে জানা গেছে।