অসম্পূর্ণতার শিল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হয়, সিরামিকের এই পাত্রগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি। মনে হতে পারে, অসম্পূর্ণ এ পাত্রগুলোতে রং চড়ানো হয়েছে মনের খেয়ালে। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই মন বলবে, বাহ্, সুন্দর তো! অসম্পূর্ণ যে পাত্রগুলোর কথা বলা হলো, এগুলো আসলে পরিকল্পিতভাবেই তৈরি করেছেন শিল্পী শাহাদাৎ হোসেন। ধানমন্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে চলছে তাঁর একক মৃৎশিল্প প্রদর্শনী, ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ যার শিরোনাম। শুক্রবার সন্ধ্যায় এটি উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক শামসুল ওয়ারেস। ছড়াকার লুৎফুর রহমান রিটন এবং সাংসদ ফজিলাতুন্নেসাও ছিলেন সেখানে।

শিল্পী জানালেন, জাপানি শিল্পধারা ওয়াবি-সাবি আদর্শের প্রভাব আছে এ কাজগুলোতে। এটি জেন-বুড্ডিজমসংশ্লিষ্ট একটি শিল্পধারা। যুগ যুগ ধরে জাপানি শিল্প, সাহিত্যে এ ধারাটি মিলেমিশে আছে। সচরাচর খুঁজে না পাওয়া এ কাজগুলোকে বলা যেতে পারে অসমাপ্ত শিল্প। এ জন্যই হয়তো এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘পারফেক্টলি ইমপারফেক্ট’। এতে স্থান পেয়েছে শিল্পীর ৫২টি শিল্পকর্ম।
এ প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি।