অসাধারণ এক শিল্পীর চলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর মুজতবা আলীর মৃত্যুতে বরিশালে নেমে এসেছে শোকের ছায়া
মীর মুজতবা আলীর মৃত্যুতে বরিশালে নেমে এসেছে শোকের ছায়া

বরিশালের নাট্যব্যক্তিত্ব মীর মুজতবা আলী চলে গেলেন গত ৮ জুন। তিনি একাধারে ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক এবং আবৃত্তিকার। বয়স হয়েছিল ৮৪ বছর।
বরিশাল নাট্যাঙ্গনে তাঁর প্রতি শ্রদ্ধায় নত হতেন সবাই। তাঁদেরই কেউ কেউ স্মৃতিচারণ করলেন।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, সংস্কৃতিসেবী মানবেন্দ্র বটব্যাল বললেন, ‘মীর মুজতবা আলী ছিলেন একজন মুক্তমনা। তাঁর সঙ্গে সম্পর্কের মূল কারণ, তিনি ছিলেন নাটক ও আবৃত্তিপ্রেমী। মনেপ্রাণে ছিলেন কবিগুরু ²রবীন্দ্রনাথ ঠাকুর ও শম্ভু মিত্রের ভক্ত ও অনুসারী। অত্যন্ত শুদ্ধ স্বরে আবৃত্তি করতেন তিনি। তাঁর মৃত্যুতে বরিশালের নাট্য ও আবৃত্তি অঙ্গন একজন অভিভাবক হারাল।’
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল বললেন, ‘তিনি ছিলেন অসাধারণ এক শিল্পী। নিভৃতচারী এই শিল্পী কখনোই নিজেকে প্রকাশ করতে চাননি। বরিশালে তাঁর স্মরণসভায় প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন অকপটে স্বীকার করেছেন, মুজতবা আলীর কাছ থেকে তিনি শিখতে চেষ্টা করেছেন। বরিশালের সর্বজনশ্রদ্ধেয় সংস্কৃতিজন নিখিল সেনের এই মন্তব্যের ভেতর থেকে মুজতবা আলীকে সম্পূর্ণভাবে চেনা যায়। তাঁর মৃত্যুতে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে যেমন বিষাদের ছায়া নেমে এসেছে, তেমনি এক অপূরণীয়ÿ ক্ষতি হয়ে রইল, যা সহজে পূরণ হবার নয়।’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল বলেন, ‘শব্দাবলী গ্রুপ থিয়েটার বের্টোল্ট ব্রেখটের সেনোরা কারারস রাইফেলস নাটকটি আমার নির্দেশনায় যখন মঞ্চস্থ হয়। সেই উদ্বোধনী প্রদর্শনীতে মীর মুজতবা আলীকে আমন্ত্রণ জানাই। নাটক শেষে প্রায় সবার কাছ থেকেই কম-বেশি উচ্ছ্বসিত প্রশংসা পেলাম। যখন মুজতবা আলীকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, মুজতবা ভাই! নাটক কেমন দেখলেন? তিনি উত্তরে বললেন, “কিছু মনে কোরো না, দুলাল। নাটক তেমন ভালো লাগেনি।” আরও বললেন, “এই নাটকটি ব্রেখট নিজেই লিখেছেন স্তানিস্লাভস্কির পদ্ধতিতে মঞ্চায়ন উপযোগী করে। কিন্তু তোমরা ব্রেখটের এলিয়েশন পদ্ধতিতে করতে গিয়ে নাটকটিকে দুই জায়গায় ভেঙে এর গতিকে খর্ব করেছ।” তিনি আমাকে স্তানিস্লাভস্কি ও ব্রেখটের পদ্ধতির তুলনামূলক আলোচনার ওপর একটি বই দিলেন। বইটি পড়ে আমি নাটকটির সংস্কার করলাম। এ থেকেই চেনা যায় তিনি কেমন নির্দেশক ছিলেন।’
বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন বললেন, ‘মীর মুজতবা আলীর নির্দেশনায় রাজরক্ত, হিম্মত বাঈ, বিসর্জন নাটকের মতো কঠিন ধ্রুপদি নাটকগুলো যেভাবে নান্দনিক উপস্থাপনের মধ্য দিয়ে প্রাণ পেল এবং দর্শকনন্দিত হলো, তার কোনো তুলনা নেই। বিসর্জন নাটকে নির্দেশনার পাশাপাশি রঘুপতির মতো একটি প্রধান চরিত্রেও মুজতবা ভাই অভিনয় করেছেন। তাঁর মতো একজন সফল নির্দেশক ও সার্থক অভিনেতার এমন কীর্তিতে আমরা বরিশাল নাটক অনুপ্রাণিত হলাম বিসর্জন নাটকটি করতে। তবে আমরা তা শুধু শ্রুতিনাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। স্বীকার করতে দ্বিধা নেই, চরিত্রাভিনয়ের কোনো কোনো স্থানে আমি তাঁকে অনুকরণও করেছি।’
সংগঠক, নির্দেশক ও নাট্যকার মিন্টু বসু বললেন, ‘মীর মুজতবা আলী আমার নাট্যগুরু। আমার লেখা ও নির্দেশিত নাটকের অন্যতম সেরা নাটক ঢোল-এর রচনা ও নির্দেশনার ক্ষেত্রে তিনি দিকনির্দেশকের ভূমিকা রেখেছিলেন।’
খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি স ম ইমানুল হাকিম বললেন, ‘মীর মুজতবা আলী শুধু নাট্যবোদ্ধাই নন, তিনি ছিলেন একজন উঁচুমানের সংগঠক। খেয়ালীর যেকোনো সংকটকালে তিনি সক্রিয় ভূমিকা রেখে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। সংগঠনের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর পরামর্শ আমাদের শিরোধার্য ছিল।’