অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বামবা ও এলসিএস গিল্ড
দেশের অডিও শিল্প ধ্বংস করছে কয়েকটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান—এ অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন (বামবা) এবং কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকারদের সংগঠন এলসিএস গিল্ড। গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠন দুটি রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এখানে উপস্থিত ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ ও এলসিএস গিল্ডের সভাপতি আলাউদ্দীন আলী, সংগীতশিল্পী আবদুল জব্বার, এন্ড্রু কিশোর, মাকসুদ, ফোয়াদ নাসের বাবুসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের অডিও শিল্প বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার সিংহভাগ কৃতিত্বের দাবিদার কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকারেরা। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই এ শিল্পকে পরম মমতায় টিকিয়ে রেখেছেন তাঁরা। অথচ কতিপয় অসাধু সংগীত ব্যবসায়ী প্রতিষ্ঠান অডিও ভিডিও অ্যালবাম প্রকাশের নামে শিল্পীদের অধিকার হরণ করছে।