অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে পথনাটক উৎসব শুরু

অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার থেকে শুরু হলো সপ্তাহব্যাপী পথনাটক উৎসব। স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনের বিকেলে উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, রাজনৈতিক আন্দোলনের অন্যতম সহযোগী শক্তি হিসেবে দীর্ঘদিন থেকে পথনাটক ভূমিকা রাখছে। দেশের এখন প্রধান শত্রু সাম্প্রদায়িক জঙ্গিবাদ চক্র। এদের প্রতিহত করতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে পথনাটক বিশেষ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত এই উৎসবের এক যুগ পূর্তি হলো এ বছর। যুগ পূর্তি উপলক্ষে ‘পথনাটকেই লড়াই আমার অসাম্প্রদায়িক দেশ গড়ার’ স্লোগান নিয়ে শুরু হয়েছে এই উৎসব। চলবে ৭ মার্চ পর্যন্ত। এবার উৎসবে অংশ নিচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৪১টি নাট্যদল। প্রতিদিন বিকেল চারটা থেকে নাটক শুরু হবে।
শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। এরপর জাতীয় ও গণসংগীত পরিবেশন করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। এরপর দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মান্নান হীরা। আলোচনা করেন কেরামত মওলা, গোলাম কুদ্দুছ, মলয় ভৌমিক, হাসান আরিফ, খন্দকার শাহ আলম, আহমেদ গিয়াস প্রমুখ। অনুষ্ঠানে একুশে পদক পাওয়ায় শিল্পী কেরামত মওলাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
আলোচনা পর্বের পর মহাকাল নাট্যসম্প্রদায় পরিবেশন করে জঙ্গিবাদবিরোধী কোরিওগ্রাফি জাগো। পরে মানস নাট্য অঙ্গন মৃত্তিকা কথন, অপেরা কৈবল্য, দৃষ্টিপাত নাট্য সংসদ জোড়াতালি ও কুমিল্লা নাট্যদল ঢিল নাটক পরিবেশন করে।