অসিন রেডি
‘বুদ্ধিজীবী অভিনেত্রী’ হিসেবে ইতিমধ্যেই তার নামডাক বলিউডজোড়া। নিন্দুকের মতে, একটু বেশিই বোঝেন তিনি। যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন যশরাজ ফিল্মসের রকেট সিং সেলসম্যান অব দ্য ইয়ার (রণবীর কাপুর), আশুতোষ গোয়াড়িকরের খেলে হাম জি জান সে (অভিষেক বচ্চন), প্রিয়দর্শনের খাট্টা মিঠাসহ (অক্ষয় কুমার) বেশ কয়েকটি ছবি। অবশ্য অসিনের ভক্তরা যুক্তি দেখাতেই পারেন— ছবিগুলো মুক্তির আগে বিশাল ক্যানভাসের মনে হতে পারে, তবে ওগুলো শেষ পর্যন্ত ফ্লপের খাতায়ই নাম লিখিয়েছে। সুতরাং অসিনই বুদ্ধিমতী! কতটা বুদ্ধিমতী হতে পারেন অসিন, তার একটা নমুনা দেওয়া যেতে পারে তাঁর প্রথম হিন্দি ছবি গজনির (আমির খান) বেলায়, যা মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সালে মুক্তি পায় দ্বিতীয় ছবি লন্ডন ড্রিমস (সালমান খান, অজয় দেবগন)। শেষের ছবিটি ফ্লপ হওয়ার পর অসিন হাওয়া হয়ে যান। কোথায় তিনি? কেমন আছেন তিনি? কেউই জানতে পারেননি। অসিনের ভাষ্যমতে, ‘আমি চাইনি এলেবেলে ছবি করে দর্শকের মনকে বিষিয়ে তুলতে। তাই অসংখ্য ছবি সই করিনি। আর ছবি হাতে না থাকলে পত্রিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেহারা দেখানোর কোনো যৌক্তিকতা দেখি না।’যুক্তি ভালোই বোঝেন অসিন। এ কারণেই এক বছর আট মাস পর বলিউডের পর্দায় তাঁর ছবি মুক্তি পেতে যাচ্ছে। নিন্দুকেরা তো প্রশ্নই করছেন—বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে তাঁর কেমন লাগছে? যদিও অসিন এ ফিরে আসাকে প্রত্যাবর্তন বা দ্বিতীয় ইনিংস মানতে একেবারেই রাজি নন। আনিস বাজমির মতো জনপ্রিয় ছবির পরিচালকের রেডি ছবিতে সালমান খানের বিপরীতে এবার দেখা যাবে তাঁকে। তেলেগু ব্লকবাস্টার ছবি রেডির হিন্দি সংস্করণে কাজ করতে পেরে অসিন যারপরনাই আনন্দিত। এ যাত্রায় বুঝি তাঁর ‘বুদ্ধিজীবী অভিনেত্রী’ তকমা বিলীন করা যাবে। কারণ রেডি শতভাগ নাচে-গানে ভরপুর বিনোদনধর্মী ছবি। সালমান খানের সঙ্গে আবার কাজ করতে পেরে অসিন মহা উল্লসিত। তবে এ প্রসঙ্গেও অসিন খুলে বসেছেন তাঁর যুক্তির ডালা, ‘এটা ঠিক, সালমানের সঙ্গে কাজ করতে পারাটা যেকোনো অভিনেত্রীর জন্যই প্লাস। তবে দশ বছর দক্ষিণে অভিনয় করার পর এখন এসব ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামানোও কি ঠিক? আমির, সালমানের মতো সুপারস্টারের সঙ্গে যেমন কাজ করেছি, আমি চাই ঠিক এমনই উচ্ছ্বাস নিয়ে কোনো নতুন অভিনেতার বিপরীতেও অভিনয় করব।’তা আর হলো কই? বলিউডের রাঘববোয়ালরা অসিনকে চিন্তা করছেন সুপারস্টারদের বিপরীতেই। সাজিদ খান তাঁর হাউসফুল সিরিজের দ্বিতীয় পর্বে দীপিকা পাড়ুকোনকে বাদ দিয়ে রেখেছেন অসিনকে। বিপরীতে অক্ষয় কুমার। শুধু তা-ই নয়, চেতন ভগতের বিখ্যাত উপন্যাস টু স্টেটস অবলম্বনে পরিচালক বিশাল ভরদ্বাজ-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা যে ছবিটি নির্মাণের কথা ভাবছেন, তাতে নায়িকা চরিত্রে অসিনকেই ভাবা হচ্ছে। বিপরীতে কিং খান শাহরুখ। অবশ্য খানদের প্রিয়পাত্রী হতে পারলেও জন আব্রাহামের একেবারেই না-পছন্দ অসিন। তামিল ছবি কাক্কা কাক্কা রিমেকে জন নাকি অসিনকে বাদ দিয়েছেন পরিচালককে বলে-কয়ে। সেখানে অসিনের পরিবর্তে নিয়েছেন জেনেলিয়াকে। অবশ্য অসিন এ অভিযোগ উড়িয়ে দেন। তাঁর যুক্তি—তিনিই নাকি সিডিউল দিতে পারেননি!একদা ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন ধোনির সঙ্গে তাঁর ‘ইটিশ-পিটিশ’-এর খবরে মুখরিত ছিল পত্রপত্রিকা। অতঃপর ধোনি বিয়ে করেছেন। বেচারাকেও ‘অসিন-অধ্যায়’ থেকে রেহাই দেওয়া হয়েছে। তবে রক্ষা পাননি অসিন। তাঁর নাম এবার যুক্ত হয়েছে অভিনেতা নিল নিতিন মুকেশের সঙ্গে। গত বছর পকেটমার ছবিতে অভিনয়ের জন্য দুজনই চুক্তিবদ্ধ হয়েছিলেন। ছবিটির শুটিং আজও শুরু হতে পারেনি, তবে অসিনের হূদয়পটে নাকি ঠিকই ঢিল ছুড়েছেন নিল, তেমনটিই জানিয়েছে বলিউডের মৌমাছিরা। নিলের পরামর্শেই নাকি নিলের গাড়ির মডেলটি কিনেছেন অসিন। দুজনে এখন একই মডেলের গাড়ি নিয়ে ঘোরেন। কখনো দুই গাড়ির যাত্রী এক গাড়িতে সওয়ার হন। তাও ভালো। অন্তত অসিনের নিন্দুকেরা এখন বিশ্রাম পাবেন। অসিন অভিনয়ে নিয়মিত হচ্ছেন, সাধারণ মানুষের মতো প্রেম করছেন! ‘বুদ্ধিজীবী অসিন’ (!) এত দিনে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হচ্ছেন। রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট