অসীম হালদারের সিরামিকস ভাস্কর্য প্রদর্শনী

অসীম হালদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। অসীম তাঁর শিল্প অনুশীলনে জীবন ও সময়কে প্রকাশ করতে চান। যে জীবন বর্তমান ও যে সময় প্রবাহমান। তাঁর শিল্পকর্মেও উপকরণ ও উপস্থাপন একই সঙ্গে রীতিনিষ্ঠ ও রীতিবিরোধী হয়ে উঠতে চায়। সমকালীন শিল্পকলা প্রচলিত প্রথাগত কাঠামো ভেঙে নিজেকে প্রসারিত করতে চান। তাঁর সাম্প্রতিক সময়ে গড়া শিল্পকর্ম নিয়ে গ্যালারি টুয়েন্টি ওয়ানে শুক্রবার শুরু হচ্ছে একক প্রদর্শনী।
শুক্রবার সন্ধ্যা ৬টায় অসীম হালাদারের তৃতীয় একক প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করবেন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

গ্যালারি টোয়েন্টিওয়ান অন্যতম উদ্যোক্তা শামীম সুব্রানা জানান, সিরামিকসের বিশেষ পদ্ধতি ক্রিস্টাল গ্লেজ এবং ক্র্যাক গ্লেজ নিয়ে গবেষণা করেন শিল্পী অসীম। শিল্পী সিরামিকসের মাধ্যমকে ভিত্তি করে ভাস্কর্য করে থাকেন। শিল্পী তাঁর এই প্রদর্শনীর কাজের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের এক শান্তিময় বন্ধুত্বপূর্ণ নির্মাণের চেষ্টা করেছেন। শিল্পীর শিল্পকর্মের মূল ভাবনার বিষয় বন্ধুত্বপূর্ণ শান্তিময় সুন্দর ও সমাজ। এই শিল্প প্রদর্শনীতে শিল্পীর সদ্যনির্মিত প্রায় ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।