
‘আগে নাচের শিল্পীরা পাঁচ শ-ছয় শ চক্কর দিত। রাজারা গলা থেকে মালা খুলে ছুড়ে দিতেন। আমি আজ মাত্র একুশটা চক্কর দেব। কিচ্ছু দিতে হবে না, শুধু করতালিতেই খুশি হয়ে যাব’, বললেন নৃত্যশিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য। কত্থক নিয়ে কথা ও তাঁর নাচ দেখে জাদুঘরের প্রধান মিলনায়তনের দর্শকেরা তাঁকে খুশি করে দিলেন।
গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ছিল সাধনার ‘নূপুর বেজে যায়’-এর ৫০তম উপস্থাপনা। এ উপলক্ষে তারা আয়োজন করেছে দুই দিনের নৃত্যোত্সবের। তাতে নাচ করেন ভারতের কত্থকশিল্পী অসীমবন্ধু ও তাঁর দল ‘উপাসনা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য নাসরীন আহমাদ, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু ও আলোকচিত্রী আনোয়ার হোসেন।
‘উপাসনা’ পরিবেশন করে কত্থকভিত্তিক নৃত্যনাট্য ‘প্রতিবিম্ব’। অসীমবন্ধুর পরিচালনায় ৬ দিনের কর্মশালায় অংশ নেওয়া নৃত্যশিল্পীরাও কত্থক পরিবেশন করেন। আয়োজনে সহযোগিতা করেছে শিল্পকলা একাডেমি ও ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন। উৎসবে আজ আছে ভরতনাট্যম ও সমসাময়িক নাচ। একই মিলনায়তনের লবিতে শুরু হয়েছে সাধনার ২২ বছরের পরিবেশনার ছবি নিয়ে প্রদর্শনী।