নাগরিক নাট্যাঙ্গনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এখন চলছে আট দিনের নাট্য উৎসব। ২০ মে শুরু হওয়া এ উৎসব নিয়ে ‘আনন্দ’-এর মুখোমুখি হয়েছেন সংগঠনের অন্যতম কর্ণধার অভিনয়শিল্পী লাকি ইনাম

উৎসব সম্পর্কে বলুন...
১৯৯৫ সালের ১ জানুয়ারি আমরা গঠন করি নাগরিক নাট্যাঙ্গন। সে হিসেবে এ বছর সংগঠনটির ২০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষেই এই উৎসবের আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আট দিনব্যাপী এ উসব শুরু হয়েছে গতকাল থেকে, চলবে ২৮ তারিখ পর্যন্ত। এর মধ্যে ২৫ মে শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুলজয়ন্তীর অনুষ্ঠান থাকায় এদিন উৎসবের আওতামুক্ত থাকবে। আমাদের এবারের উৎসবের স্লোগান ‘চিত্ত আমার ভয়শূন্য উচ্চ আমার শির’। এটি উৎসর্গ করা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার ও শম্ভু মিত্রকে। এ বছরই শেক্সপিয়ারের জন্মের সাড়ে চার শ বছর এবং শম্ভু মিত্রের জন্মশতবর্ষ পূর্ণ হলো। তাই প্রাচ্য ও পাশ্চাত্যের এই দুই নাট্যব্যক্তিত্বকে উৎসর্গ করার মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের নাটকের মেলবন্ধন ঘটাতে চেয়েছি আমরা। দর্শক এর প্রতিফলন দেখতে পাবেন উৎসবে প্রদর্শিত নাটকগুলো—এখানে যেমন শেক্সপিয়ার ও মলিয়েরের নাটক আছে, তেমনি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নাটক এবং সেলিম আল দীনের নাটকও।
আয়োজন সম্পর্কে জানতে চাই...
উৎসবে দেশ-বিদেশের মোট সাতটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে কলকাতা থেকে আসছে ন-এ নাটুয়া ও আভাস। আর বাংলাদেশ থেকে থাকছে ঢাকা থিয়েটার, পদাতিক নাট্য সংসদ টিএসসি, লোক নাট্যদল সিদ্ধেশ্বরী, সময় ও নাগরিক নাট্যাঙ্গন—এই পাঁচটি দলের প্রযোজনা। আট দিনে সাত নাট্যদলের ১১টি প্রযোজনা নিয়ে আমাদের এ উৎসব। এ ছাড়া এবার আমরা ফেরদৌসী মজুমদারকে সম্মাননা দিচ্ছি। আমাদের দলের প্রযোজনা প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হচ্ছে উৎসবে।
আপনাদের উৎসবের বৈশিষ্ট্য কী?
প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটাতে চাই আমরা—কথাটি আগেই বলেছি। পাশাপাশি এ উৎসবের মধ্য দিয়ে যাবতীয় অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। সমুন্নত রাখতে চাই মুক্তিযুদ্ধ ও প্রগতির চেতনা। ‘চিত্ত আমার ভয়শূন্য উচ্চ আমার শির’—স্লোগানের মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে হয়। ‘আমাদের সাহস সঞ্চয় করতে হবে, নাটককে হাতিয়ার করে দাঁড়াতে হবে অপশক্তির বিপক্ষে’—এই উৎসবের এটাই আমাদের বার্তা।
দুই দশক পার করার পর নাগরিক নাট্যাঙ্গনের অর্জন কী বলে মনে করেন?
আমাদের অর্জন নেহাত কম নয়। এই ২০ বছরে বেশ কিছু প্রযোজনা উপহার দিয়েছি আমরা। তা ছাড়া নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউশন অব ড্রামা (এনএনআইটি)—আমাদের এই বিদ্যায়তন থেকে প্রতিবছর দুটি ব্যাচে কমপক্ষে ৫০ জন নাট্যকর্মী নাট্যশিক্ষা গ্রহণ করেন। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে তাঁরা যেমন আমাদের দলে কাজ করছেন, তেমনি অনেকেই ছড়িয়ে আছেন বিভিন্ন নাট্যসংগঠনে। এর একটি প্রভাব তো নাট্যাঙ্গনে আছেই। আমরা মনে করি, নাটক পাঠ না করলে নাট্যমনস্ক হওয়া যায় না। তাই সক্রিয় থিয়েটারের সঙ্গে সঙ্গে শুরু থেকেই ড. ইনামুল হকের সম্পাদনায় শুধু নাটক নামে আমরা একটি পত্রিকাও বের করার চেষ্টা করছি নিয়মিতভাবে। এবারের উৎসবেও এর একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে। সব মিলিয়ে বলতে পারি, প্রতিষ্ঠার পর থেকে আমরা নাটকের নানা শাখায় কাজ করার চেষ্টা করেছি।
বেশ কিছুদিন আগে আপনি তো নাটক নিয়ে কলকাতায় গিয়েছিলেন...
হ্যাঁ, এ বছরের জানুয়ারিতে নারী বিশ্ব থিয়েটার উৎসবে আমার নির্দেশিত বিদেহ এবং পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ—এই দুই নাটক নিয়ে কলকাতায় গিয়েছিলাম। এ উৎসবে আমি ছিলাম অতিথি উদ্বোধক।