
‘মনুষ্যরূপী অসুর বিনাশে হও আগুয়ান’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে জাতীয় গণসংগীত উৎসব। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। স্বাগত বক্তব্য দেন গোলাম কুদ্দুছ, সভাপতিত্ব করেন ফকির আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের শিল্পীদের সম্মিলিত গণসংগীত দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেরণাদায়ী গান ‘মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’, ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’সহ চারটি গান পরিবেশন করেন তাঁরা। এরপর একক আবৃত্তি করেন রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, দৃষ্টি, সিলেটের সিলেট গণসংগীত দল, উদীচী শিল্পীগোষ্ঠীর ময়মনসিংহ শাখা, চট্টগ্রামের আওয়ামী শিল্পীগোষ্ঠী, পটুয়াখালীর সুন্দরম ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখার শিল্পীরা। একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন আবদুল জব্বারসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করেন বহ্নিশিখার নৃত্যশিল্পীরা। তিন দিনের এ উৎসব শেষ হবে কাল রোববার।