অসুস্থ নাট্যনির্দেশকের পাশে ফেডারেশন

সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রধান নাট্য সংগঠন থিয়েটার মঞ্চ ও শিশু-কিশোর নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা, নাট্যাভিনেতা-নির্দেশক আমির হোসেন সুরুজ সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
তার সুচিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, যা আর্থিকভাবে অসচ্ছল আশৈশব মঞ্চনাটকে নিবেদিত এই প্রবীণ নাট্যজনের পক্ষে বহন করা দুঃসাধ্য।
তার ব্যয়বহুল চিকিৎসা সহায়তায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আগামী ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় লোক নাট্যদল (বনানী) ’র ‘কঞ্জুস’ এবং ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর’র ‘কনডেমড সেল’ নাটক দুটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। নাটক দুটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে।

প্রখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। অনন্ত হিরা’র রচনায় ‘কনডেমড সেল’ নাটকটির নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।
