অসুস্থ পূর্ণিমা শুটিংয়ে আসেননি

‘নতুন ধারাবাহিকে পূর্ণিমা’—এই শিরোনামে সপ্তাহখানেক আগে ‘প্রথম আলো’য় একটি সংবাদ প্রকাশিত হয়। তখন পূর্ণিমা জানিয়েছিলেন, ২১ মার্চ থেকে ওই নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে শেষ পর্যন্ত শুটিংয়ে যোগ দিতে পারেননি টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
পূর্ণিমা জানালেন, হঠাৎ করেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে ঠান্ডাজনিত সমস্যাও দেখা দিয়েছে। তাই কয়েকদিন ধরে বাসায়ই বিশ্রাম নিতে হচ্ছে তাঁকে। চিকিৎসকের পরামর্শমতো ঔষধ খাচ্ছেন। সুস্থ হয়েই শুটিংয়ে অংশ নেবেন তিনি।
পূর্ণিমা শুটিংয়ে অংশ নিতে না পারলেও ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকের কাজ ঠিকই চালিয়ে নিচ্ছেন পরিচালক রেদওয়ান রনি। তিনি জানালেন, ‘অসুস্থতার ওপর তো কারো কোনো হাত নেই। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন। আপাতত অন্যশিল্পীদের নিয়েই যে কাজগুলো আছে সেসবের শুটিং সেরে নিচ্ছি।’