অসুস্থ যশ চোপড়ার পাশে রানী
১৩ অক্টোবর শনিবার থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিত্সাধীন বলিউডের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া। ডেঙ্গুজ্বরে আক্রান্ত যশ চোপড়ার পাশে দুই দিন ধরে হাসপাতালে আছেন আরও একজন। তিনি রানী মুখার্জি। নিজের সব কাজ ফেলে সার্বক্ষণিক যশ চোপড়ার পাশে আছেন বলিউডের এই অভিনেত্রী।হাসপাতালে যশ চোপড়াকে দেখতে আসা লোকজনকে যশ চোপড়ার শারীরিক অবস্থা বর্ণনা করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন রানী। তাঁকে দেখে মনে হয়েছে, চোপড়া পরিবারেরই একজন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে রানীর প্রেমের বিষয়টি কমবেশি সবার জানা। বেশ কয়েকবার চাউর হয়েছে এই জুটির বিয়ের গুজব। কিন্তু বরাবরই নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাঁরা। সর্বশেষ, আদিত্যর সঙ্গে গোপনে বিয়েসংক্রান্ত প্রশ্নের জবাবে তিতিবিরক্ত রানী বলেছিলেন, ‘আমি এখনো অবিবাহিত। ঈশ্বরই সিদ্ধান্ত নেবেন, কে আমার জীবনসঙ্গী হবে।’যশ চোপড়ার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। শিগগিরই হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হবে ৮০ বছর বয়সী এই প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ও পরিচালককে।