অসুস্থতা নিয়েও শুটিং!

কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন চিত্রনায়িকা মৌসুমী। এদিকে নায়ক বন্ধু ফেরদৌস প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘পোস্টমাস্টার’-এর কিছু অংশের শুটিংয়ের সময় দিয়ে রেখেছিলেন বেশ আগে। বন্ধুকে দেওয়া কথামতো অসুস্থতাকে উপেক্ষা করে ঠিকই শুটিংয়ে উপস্থিত হয়েছেন তিনি। সারা দিন শুটিং করে শেষ করেছেন সিনেমার কাজ।
বছর খানেক আগে ঈশ্বরদীতে ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস থেকে নির্মিতব্য ‘পোস্টমাস্টার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। সব দৃশ্যের শুটিং শেষ হলেও একটি গানের কাজ বাকি ছিল। গতকাল বৃহস্পতিবার ঢাকার কাছেই পুবাইলে গানটির শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় ছবির কাজ। প্রথম আলোর সঙ্গে আলাপে মৌসুমী বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটির কাজ অসমাপ্ত অবস্থায় ছিল। শুরুর দিকে একটানা শুটিংয়ের পর ফেরদৌস ও আমি দুজনই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। এ ছাড়া অন্য ব্যস্ততায় সময় করে উঠতে না পারায় “পোস্টমাস্টার” ছবির কাজ শেষ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও সময় ম্যানেজ করে কাজটা শেষ করলাম। কারণ, ফেরদৌস ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে।’
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি নিয়ে ফেরদৌস বলেন, ‘এই ছবিতে আমরা সরাসরি যুদ্ধ দেখাচ্ছি না। তবে পুরো ছবিতে নানাভাবে মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনা ঘুরেফিরে আসবে। মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের প্রেমকাহিনি পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।’ ‘পোস্টমাস্টার’ সিনেমার সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবিটি পরিচালনা করছেন আবির খান ও রাশেদ শামীম।