অসুস্থতায় সফর বাতিল লেডি গাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অসুস্থতার কারণে ‘বর্ন দিস ওয়ে বল’ সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা। তাঁর ডান উরুর অস্থি ও মধ্য শরীরের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়ার কারণে ডাক্তাররা জানিয়েছেন এ জন্য জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন। হঠাত্ সফর বাতিল করতে বাধ্য হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ২৬ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী। এ প্রসঙ্গে লেডি গাগার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর লেডি গাগার শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এজন্য ‘বর্ন দিস ওয়ে বল’ সফরটি বাতিল করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। যে যেখান থেকে টিকিট কিনেছিলেন, সেখানে গেলেই টিকিটের অর্থ ফেরত পাবেন তাঁরা। এক খবরে জানিয়েছে ডেইলিমেইল। এর আগে এক বিবৃতিতে লেডি গাগা জানিয়েছিলেন, ‘বেশ কিছুদিন ধরেই সাইনোভাইটিস রোগটি আমাকে প্রচণ্ড ভোগাচ্ছে। তীব্র ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছি না। ভক্তদের নিরাশ করতে চাইনি বলে ব্যথা নিয়েই মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছি। কিন্তু গত রাতে মঞ্চে পারফর্ম করার পর থেকে একদমই হাঁটতে পারছি না। এজন্য সফর বাতিলে বাধ্য হলাম। আমি খুবই দুঃখিত। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আশা করছি, দ্রুত সেরে উঠব।’প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় মঞ্চ পরিবেশনার মাধ্যমে ‘বর্ন দিস ওয়ে বল’ ট্যুর শুরু করেছিলেন লেডি গাগা। চলতি বছরের মার্চে ওকলাহোমায় ট্যুরটি শেষ হওয়ার কথা ছিল।