অস্কার উপস্থাপনাকে ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর অস্কার পুরস্কার বিতরণী যেকোনো তারকার কাছেই আকর্ষণীয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটা তারকাদের জন্য বিরাট সম্মানের। আর পুরস্কার অর্জন কিংবা অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপার হলে তো কথাই নেই। কিন্তু হলিউড অভিনেতা জেমস ফ্রাঙ্কোর বেলায় এর বিপরীত চিত্রই দেখা গেল।২৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের কোডাক থিয়েটারে বসবে অস্কারের ৮১তম আসর। সেই অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব করা হয়েছিল জেমস ফ্রাঙ্কোকে। কিন্তু আগপাছ না ভেবেই লোভনীয় এ প্রস্তাবটি তিনি ফিরিয়ে দেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। বিষয়টি অনেককেই অবাক করেছে। জেমস ফ্রাঙ্কো বলেন, ‘অস্কারের মতো বড় একটি আসর উপস্থাপনার প্রস্তাব আমাকে বেশ অবাক করে। যখন অস্কারের এবারের আসরটি উপস্থাপনার কথা বলা হয়, আমি প্রথমেই কর্তৃপক্ষকে না করে দিই। কিন্তু পরবর্তী সময়ে আবার ভাবতে থাকি, কেন আমাকে এ ধরনের প্রস্তাব দেওয়া হবে না? আমি তো দেখতে অতটা খারাপ নই। যাহোক এটা নিয়ে আমি আর ভাবতে চাই না। তা ছাড়া আমি সমালোচনায় থাকতে খুবই পছন্দ করি।’জানা গেছে, এবারের অস্কার আসরে সেরা অভিনেতার দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন এই অভিনেতা। ‘ওয়ান টুয়েন্টি সেভেন আওয়ারস’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারটি তাঁর জেতার সম্ভাবনাও অনেক বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এটা যদি সত্যি হয়, তার জন্যও ভিন্ন পরিকল্পনা এঁটেছেন ফ্রাঙ্কো। তিনি নন, সেরা অভিনেতার পুরস্কারটি গ্রহণ করবেন তাঁর বন্ধু বেরি জনসন।