অস্কার কমিটির ওপর চটেছেন জুডি ডেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কাইফল অসাধারণ একটি ছবি। সুনিপুণভাবে ছবিটি পরিচালনা করেছেন স্যাম মেন্ডেস। তারপরও অস্কারের গুরুত্বপূর্ণ কোনো বিভাগে মনোনয়ন পায়নি স্কাইফল। ভালো কাজের স্বীকৃতি না দেওয়ার এ ঘটনায় আমি মর্মাহত। এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না।’ সম্প্রতি এভাবেই মনের ক্ষোভ ঝাড়লেন ‘স্কাইফল’ ছবিতে ‘এম’ চরিত্র রূপদানকারী প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চ। সম্প্রতি অস্কার মনোনয়ন ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেরা ছবি, নির্মাতা, অভিনেতাসহ গুরুত্বপূর্ণ কোনো বিভাগেই মনোনয়ন পায়নি ‘স্কাইফল’। জুডি ডেঞ্চ আশা করেছিলেন, সেরা ছবি না হোক অন্তত সেরা চলচ্চিত্র নির্মাতা বিভাগে স্যাম মেন্ডেস মনোনীত হবেন। ছবিটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ড্যানিয়েল ক্রেইগ এবং জেভিয়ার বারডেম মনোনীত হবেন বলেও ধারণা করেছিলেন জুডি। কিন্তু তাঁদের কারও নাম না থাকার বিষয়টি জানার পর তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। জানিয়েছে বিবিসি অনলাইন। বছরের পর বছর ধরে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ‘বন্ড’ সিরিজের ছবিগুলো। কিন্তু বরাবরই সেগুলো অস্কারে উপেক্ষিত থেকেছে। এর আগে বন্ড সিরিজের মাত্র দুটি ছবি অস্কার পুরস্কার পেয়েছে। সেরা সাউন্ড ইফেক্ট এবং ভিজুয়াল ইফেক্ট বিভাগে অস্কার পেয়েছিল ‘গোল্ডফিংগার’ এবং ‘থান্ডারবল’। জুডি ডেঞ্চ মনে করেন, ব্যবসায়িক সাফল্যের কারণেই অস্কারে জেমস বন্ড সিরিজের ছবিগুলোকে উপেক্ষা করা হয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে।অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে ‘স্কাইফল’ এর মনোনয়ন না পাওয়ার পেছনে কোনো রকম পক্ষপাতের বিষয় জড়িত আছে কি না জানতে চাইলে জুডি বলেন, ‘হয়তোবা। আমি ঠিক নিশ্চিত নই। তবে আমি আশা করব, এমনটা যেন না হয়।’গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার মনোনয়ন না পেলেও, কারিগরি বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে ‘স্কাইফল’। এ ছাড়া সেরা গানের জন্য মনোনীত হয়েছে ব্রিটিশ গায়িকা অ্যাডেলের কণ্ঠে ‘স্কাইফল’ ছবির শীর্ষ সংগীত।