অস্কার কুইন জেনিফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনিফারের অভাব নেই হলিউডে। জেনিফার অ্যানিস্টন, জেনিফার লোপেজ, জেনিফার লাভ হিউয়েট কিংবা জেনিফার গার্নার—আরও কত নাম বলে দেওয়া যায় এক নিঃশ্বাসেই! তবে হলিউডে এখন এক জেনিফার নিয়েই সব আলোচনা। তিনি যেখানেই যান, হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। আস্কমেন ডট কম ম্যাগাজিনের জরিপে এ বছরের বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। সত্যি বলতে, মাত্র ২২ বছর বয়সে দুবার সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়নের পর এবার প্রথমবারের মতো অস্কার জয় করে সবাইকে বেশ চমকেই দিয়েছেন এই অভিনেত্রী। বলছি এ বছরের অস্কার কুইন জেনিফার লরেন্সের কথা।ডেভিড ও’রাসেলের রোমান্টিক কমেডি সিলভার লাইনিংস প্লেবুক ছবিতে এক অল্পবয়সী বিধবা টিফানির ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবারের অস্কারটি জিতে নেন জেনিফার লরেন্স। তবে, এবারের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নিলেও এই বিভাগে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেসিকা চ্যাস্টেইন (জিরো ডার্ক থার্টি), ইমানুয়েল রিভা (আমুর), কুভেনজেইন ওয়ালিস (বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড) ও নাওমি ওয়াটসের (দ্য ইম্পসিবল) মতো তারকারা। তাই অস্কারে নিজের নাম ঘোষণা হওয়ায় অনেকটাই হতবাক হয়েছিলেন জেনিফার লরেন্স। তিনি এতটাই রোমাঞ্চিত হয়ে পড়েন যে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান। মঞ্চে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আসলে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। এ সম্মান পাওয়ার মতো কাজ আমি করতে পারি, এটা এত দিন জানা ছিল না।’ জীবনের সেরা মুহূর্তে এমনই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে ছবির পরিচালক ডেভিড ও’রাসেল আর প্রযোজক হারভে উইনস্টেইনকেও ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছিলেন। তবে, এই ভুলের জন্য অবশ্য পরে ক্ষমাও চেয়েছেন লরেন্স।যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলেতে জন্মগ্রহণ করা জেনিফার লরেন্সের অভিনয় ক্যারিয়ারের শুরুটা টাইম ওয়ার্নার টিভি চ্যানেলের কমেডি সিরিজ ‘দ্য বিল ইংভাল শো’ দিয়ে। এরপর বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনি। ২০০৮ সালেদ্য পোকার হাউস ও দ্য বার্নিং প্লেইন নামের দুটি স্বল্প বাজেটের ছবিতে তাঁকে দেখা গেলেও লরেন্স মূলত আলোচনায় আসেন ২০১০ সালের উইন্টারস বোন ছবিটি দিয়ে। এই ছবির ডলি চরিত্রে অনবদ্য অভিনয় জেনিফার লরেন্সকে পৌঁছে দিয়েছিল অস্কারের দোরগোড়ায়। গোল্ডেন গ্লোবসহ কান চলচ্চিত্র উৎসবে এই ছবির মাধ্যমেই সদর্পে হেঁটেছিলেন তিনি। পুরস্কারও জিতে নিয়েছিলেন গন্ডা খানেক। এই ছবির বদৌলতেই ‘এক্স-মেন’ সিরিজের ছবি এক্স-মেন-ফার্স্ট ক্লাস ছবিতে অভিনয়ের সুযোগ হয় লরেন্সের। এরপর গত বছরের হিট ছবি দ্য হাঙ্গার গেমস দিয়ে বিরাট সাফল্যের স্বাদ পান তিনি। সুজান কলিন্সের উপন্যাসের ওপর ভিত্তি করে রচিত এ ছবির বিষয়বস্তু মূলত ক্যাটনিস নামের এক কিশোরীর জীবনসংগ্রাম। চরিত্রটির জন্য দৌড়, সাঁতার, ক্লাইম্বিং ও যোগব্যায়ামের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।তবে অভিনয়ে আসার আগে একসময় জেনিফার লরেন্স ছিলেন চিয়ারলিডার। পছন্দ করতেন ফিল্ড হকি ও সফট বল খেলতে। সুযোগ পেলে মডেলিংও করতেন। অভিনয় ছাড়াও তাঁর আরও গুণ আছে। অবসরে তিনি ছবি আঁকতে পছন্দ করেন। শুধু তা-ই নয়, ভালো গানও গাইতে পারেন। হাউস অ্যাট দ্য এন্ড অব দ্য স্ট্রিট ছবিতে তাঁকে বেঞ্জি হিউয়েসের ‘অল ইউ হ্যাভ গট টু ডু ইজ ফল ইন লাভ’ গানটি গাইতে দেখা গেছে। জিমে গিয়ে দৌড়-ঝাঁপ করার চেয়ে অবসর সময়টা টিভির সামনে বসে কাটাতেই ভালোবাসেন লরেন্স। জাংক ফুড তাঁর ভীষণ পছন্দ আর টিভিতে তাঁর সবচেয়ে ভালো লাগে বিভিন্ন রিয়েলিটি অনুষ্ঠান।জেনিফার লরেন্স এখন কাজ করছেন ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের সিক্যুয়ালে। দ্য হাঙ্গার গেমস-ক্যাচিং ফায়ার নামের ছবিটি মুক্তি পাবে এ বছরেই। শুরু করেছেন ‘এক্স-মেন’ সিরিজের পরবর্তী ছবি এক্স-মেন-ডেজ অব ফিউচার পাস্ট ছবির কাজ। এ ছাড়া এ বছরে মুক্তির অপেক্ষায় থাকা লরেন্সের আরেকটি ছবি হলো সেরেনা। সিলভার লাইনিংস প্লেবুক ছবিতে অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে তাঁর জুটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে। তাই রাসেলের পরবর্তী ছবিতেও দেখা যাবে আলোচিত এই জুটিকে। সাজিদুল হক