অস্কার কেন সাদা?
ভাবছেন সাদা কেন হবে? অস্কার পুরস্কারের রংতো পরিষ্কার সোনালি। হুমম! সেই রঙের কথা কিন্তু হচ্ছে না। কথা হচ্ছে অস্কার বিজয়ীদের নিয়ে। একবার ভাবুন দেখি, এ যাবত হাতে গোনা কজন কৃষ্ণাঙ্গ অস্কার বিজয়ীর কথা শুনেছেন আপনি?
জানা কথা গুনে বিশেষ সুবিধে করতে পারবেন না। কারণ অস্কার যে ‘অল হোয়াইট’। মানে চিরকালই শ্বেতাঙ্গ মানুষদের দখলে সিনেমা দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার। অস্কার নিয়ে এই বিতর্কটা অবশ্য নতুন নয়। এবারেও সেরা অভিনেতা বা অভিনেত্রীসহ সামনের সারির পুরস্কারগুলো যে মোটামুটি সাদাদের দখলে যাচ্ছে সেটা মনোনয়ন থেকেই নিশ্চিত ছিল। মুশকিলটা হচ্ছে, এবারে অস্কারে আর সাদাদের এই চির আধিপত্যকে ছাড় দিতে নারাজ রাজি ছিলেন না অনেকে। এরইমধ্যে স্পাইক লির মতো কয়েকজন অস্কার বর্জনের ডাক দিয়ে ফেলেছেন। এই যখন অবস্থা তখন আজ ( ১৯ জানুয়ারি) সকালবেলা মেইলবক্সে দেখি, একাডেমি অব মোশন পিকচার্সের সংবাদ বিজ্ঞপ্তি।
একাডেমি প্রেসিডেন্ট শেরিল বুন তাঁর বিবৃতিতে জানিয়েছেন, অস্কারে বৈচিত্র্য বাড়াতে একাডেমির সদস্যপদ দেওয়ার ব্যবস্থা নতুনভাবে সাজানোর চেষ্টা করবেন তাঁরা। মোদ্দা কথা, নড়েচেড়ে বসতে বাধ্য হয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। শেরিল চেষ্টা করছেন এই বিতর্ক মীমাংসার। শেরিল সে চেষ্টা করতেই পারেন। কিন্তু বিষয়টা যে জটিল সেটা বুঝতে একবার শুধু এবারে ‘দ্য রেভন্যান্ট’ বা ‘দ্য মার্শিয়ান’-এর মতো সেরা ছবির বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া ছবিগুলোর দিকে তাকান। সবখানেই যে সাদা মানুষের জয়জয়কার! সেরা অভিনেতা বা অভিনেত্রীর বিভাগের মনোনয়নেও একই কথা সত্যি। মানে একজন শ্বেতাঙ্গ মানুষ কিভাবে সব প্রতিকূল পরিস্থিতি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন সে গল্পই মোটামুটি সবখানে। চাঞ্চল্যকর? খানিকটা তো বটেই।