অস্কারে এই নিয়ে টানা চারবার পাঁচটির বেশি ছবিকে ‘সেরা ছবি’র বিভাগে মনোনয়ন দিল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। সেরা ছবি বিভাগে ২০০৯ ও ২০১০ সালে মনোনয়ন পেয়েছিল ১০টি ছবি। আর এবার গত বছরের মতো ঠিক নয়টি ছবি মনোনয়ন পেয়েছে। ২৪ ফেব্রুয়ারি ৮৫তম অস্কার অনুষ্ঠানে কার ভাগ্যে জুটবে ‘সেরা ছবি’র পুরস্কার, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। চলুন, জেনে নেওয়া যাক অস্কারের এবারের নয়টি ছবির আরও তিনটি সম্পর্কে। বাকিগুলোও ছাপা হবে ধারাবাহিকভাবেবিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ডকান চলচ্চিত্র উৎসবে স্বল্প বাজেটের এই ছবিটি তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। সানডান্স চলচ্চিত্র উৎসবেও ছবিটি পেয়েছে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। ২০১০ সালে মেক্সিকোর উপকূলে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির তেল উত্তোলনের সময় বিস্ফোরণের পর প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবনে যে বিপর্যয় নেমে আসে, সেই ঘটনার ওপর ভিত্তি করেই পরিচালক বেন জিটলিন নির্মাণ করেছেন ছবিটি। অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড ছবিটি।লা মিজারেবলসংগীত-নাট্যনির্ভর ছবি লা মিজারেবল-এর পটভূমি ১৮০০ শতাব্দীর ওয়াটার লু যুদ্ধ। গানের সুরে সুরে ছবিতে ফুটে উঠেছে লড়াই, স্বপ্ন, আশা আর ভালোবাসার চিত্রনাট্য। একই নামে ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটির পরিচালনায় রয়েছেন টম হুপার। হিউ জ্যাকম্যান, রাসেল ক্রো, অ্যান হ্যাথওয়ে, আমান্ডা শেফার্ড, হেলেন বোনহাম, সাচা ব্যারনের মতো তারকাদের অনবদ্য অভিনয় ছবিটিকে অস্কারে সেরা ছবিসহ আটটি বিভাগে মনোনয়ন দিয়েছে। ছবিটি গোল্ডেন গ্লোবে সেরা গীতিনাট্য ছবির পুরস্কার জিতেছে।আর্গোক্রাইম থ্রিলার অথবা পলিটিক্যাল ড্রামা যা-ই বলুন না কেন, পার্ল হারবারখ্যাত বেন অ্যাফলেকের এক অসাধারণ সৃষ্টি আর্গো ছবিটি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে মার্কিন পণবন্দীদের উদ্ধারের নাটকীয় ঘটনা নিয়ে তৈরি ছবিটি এবারের অস্কারে সেরা ছবিসহ সাতটি বিভাগে মনোনয়ন পেলেও বেন অ্যাফলেক সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাননি। তবে গোল্ডেন গ্লোবে সেরা পরিচালক এবং ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার উঠেছে তাঁর ঘরেই।