অস্কার দৌড় থেকে ছিটকে পড়ল ‘বরফি’
৮৫তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য ভারত থেকে পাঠানো হয়েছিল রণবীর কাপুর অভিনীত বলিউডের ছবি ‘বরফি’। ২০টি চলচ্চিত্র থেকে বাছাই করে মনোনীত করা হয়েছিল অনুরাগ বসু পরিচালিত ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করতে পারছে না ‘বরফি’। অস্কারের পরবর্তী আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৭১টি ছবি পাঠানো হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে নয়টি ছবি নির্বাচন করা হয়েছে। কিন্তু এই নয়টি ছবির তালিকায় ঠাঁই পায়নি ‘বরফি’। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।যে নয়টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, সেগুলো হলো: ‘আমর’ (অস্ট্রিয়া), ‘ওয়ার উইচ’ (কানাডা), ‘নো’ (চিলি), ‘এ রয়্যাল অ্যাফেয়ার’ (ডেনমার্ক), ‘দ্য ইনটাচেবলস’ (ফ্রান্স), ‘দ্য ডিপ’ (আইসল্যান্ড), ‘কন-টিকি’ (নরওয়ে), ‘বিয়ন্ড দ্য হিলস’ (রোমানিয়া) ও ‘সিস্টার’ (সুইজারল্যান্ড)।এই নয়টি ছবি থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচটি ছবির নাম ঘোষণা করা হবে আগামী ১০ জানুয়ারি। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ওই পাঁচ ছবি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতার লড়াইয়ে অবতীর্ণ হবে। রোমান্টিক কমেডিধর্মী ‘বরফি’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে দার্জিলিংয়ের একজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছেলে বরফিকে ঘিরে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, ইলিয়ানা ডি’ক্রুজ, রূপা গাঙ্গুলী প্রমুখ। ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি দারুণ ব্যবসা করেছে ছবিটি। মাত্র ৩০ কোটি ভারতীয় রুপি বাজেটের ছবিটি আয় করেছে ১০৬ কোটি রুপি।