অস্কার নিয়ে কিছু না জানা কথা
কাল সোমবার ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ফক্স মুভিজ। তার আগে আজ অস্কারের কিছু খবর নিয়ে এই আয়োজন।
অস্কারের বিস্ময়কর ১০ তথ্য
১৯২৯ সালে হলিউড রুজভেল্ট হোটেলে প্রথম অস্কারের আসর বসেছিল। অনুষ্ঠানটির আয়ু ছিল মাত্র ১৫ মিনিট। এটাই সংক্ষিপ্ততম অস্কার আয়োজন। সবচেয়ে লম্বা অস্কার অনুষ্ঠান হয়েছিল ২০০২ সালে (৪ ঘণ্টা ২৩ মিনিট)।
অস্কারের ৫০টি ট্রফি বানাতে এক মাসের মতো সময় লাগে। সোনালি মূর্তিটিতে কিন্তু কোনো সোনা নেই। অস্কারের ইতিহাসে একবারই কাঠের বানানো একটি ট্রফি দেওয়া হয়েছিল এডগার বার্গেনকে।
অস্কারের সবচেয়ে বড় দুই ফেলটুসের নাম টার্নিং পয়েন্ট ও কালার পার্পেল। দুটো ছবিই ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে একটি পুরস্কারও জেতেনি! অন্যদিকে ২০০৪ সালে লর্ড অব দ্য রিংস: রিটার্ন অব দ্য কিং ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবগুলোতেই জিতেছিল।
অস্কারের ইতিহাসে সর্বোচ্চ ৫৯ বার মনোনয়ন পেয়ে রেকর্ড ২৬ বার অস্কার জিতেছেন ওয়াল্ট ডিজনি!
অস্কারজয়ীরা তাদের জেতা পুরস্কার বিক্রি করতে পারেন না। ১৯৫০ সাল থেকে নিয়ম করা হয়েছে, কেউ বেচতে চাইলে অ্যাকাডেমির কাছেই বেচতে হবে।
অস্কারে মনোনয়ন পাওয়ার বেশ কিছু নিয়ম আছে। অবশ্য পালনীয় নিয়মগুলোর মধ্যে আছে ছবির দৈর্ঘ্য কমপক্ষে ৪০ মিনিটের হতে হবে।
যুক্তরাষ্ট্রের বাইরের ছবিগুলোকে সেপ্টেম্বরের আগেই নিজ দেশে মুক্তি পেতে হবে।
২০০২ সালের বাজে অভিজ্ঞতার পর অনুষ্ঠানের দৈর্ঘ্য ঠিক রাখতে পুরস্কার নেওয়ার পর প্রতিক্রিয়া জানানোর সর্বোচ্চ সময় বেঁধে দেওয়া হয় ৪৫ সেকেন্ড।
অস্কারের ইতিহাসে সংক্ষিপ্ততম প্রতিক্রিয়া দিয়েছিলেন আলফ্রেড হিচকক। পুরস্কার হাতে নিয়ে বলেছিলেন, ‘থ্যাংক ইউ’।
মনোনীত ব্যক্তিরা পুরস্কার না জিতলেও যেন অসম্মানিত বোধ না করেন, এ কারণে ‘অ্যান্ড দ্য উইনার ইজ’—বাক্যাংশটির বদলে ব্যবহার করা হয়, ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু...।’ মনোনীতরাও তো এক অর্থে বিজয়ীই। এনডিটিভি।
এবারের অজানা দশ
সেরা পরিচালকসহ অভিনয়ের চার বিভাগ—গুরুত্বপূর্ণ পাঁচটি বিভাগেই মনোনয়ন পেয়েছে আমেরিকান হ্যাসেল।
হার এবং আমেরিকান হ্যাসেল-এর প্রযোজক মেগান এলিসন প্রথম নারী এবং ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে একই বছরে দুটো সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছেন।
মাত্র ২৩ বছরে তিনটি মনোনয়ন—ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে এই কৃতিত্ব জেনিফার লরেন্সের। এবার জিতলে তৃতীয় অভিনেত্রী হিসেবে পর পর দুই বছর অস্কার জেতার রেকর্ড গড়বেন। সবচেয়ে কম বয়সে দুটো অস্কার জেতার রেকর্ডও হবে।
সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতদের মধ্যে কেবল অ্যামি অ্যাডামসের এই পুরস্কার জেতার অভিজ্ঞতা নেই।
এ নিয়ে আঠারোবার মনোনয়ন পেলেন মেরিল স্ট্রিপ। কোনো অভিনয়শিল্পীর যেটা বিশ্ব রেকর্ড!
পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতলে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারটি জেতার রেকর্ড গড়বেন ৪৮ বছর বয়সী জুন স্কুইব।
সুরকার ববি লোপেজ পুরস্কার জিতলে ১২তম ব্যক্তি হিসেবে সংগীতের চারটি গুরুত্বপূর্ণ পুরস্কারের সবগুলো জেতার রেকর্ড গড়বেন।
সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতদের মধ্যে আগের অস্কারজয়ীদের ছড়াছড়ি হলেও সেরা অভিনেতা বিভাগে মনোনীতদের মধ্যে অস্কার জয়ের অভিজ্ঞতা আছে কেবল ক্রিশ্চিয়ান বেলের।
অভিনয় বিভাগে মনোনীত ২০ জনের আটজনই প্রথমবারের মতো মনোনয়ন পেলেন।
মার্টিন স্করসিস অষ্টমবারের মতো সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেন। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১২ বার মনোনয়ন পেয়েছিলেন উইলিয়াম ওয়াইলার। এনডিটিভি।