অস্কার মাতালেন যাঁরা

মঞ্চে ঘোষিত হলো তাঁর নাম। সব আলো গিয়ে ঠিকরে পড়ল তাঁর ওপর। অচেনা-অখ্যাতির আঁধার থেকে তারকার ঝলমলে ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হলেন। এত আবেগের স্রোতে বাঁধ দিয়ে রাখা কঠিন। চোখে জলের বান ডাকল। চোখে জল অথচ মুখে হাসি! এভাবেই মঞ্চে উঠলেন লুপিতা নিওনগো, প্রথম ছবি দিয়েই যিনি জিতলেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর অস্কার!
গতকালের অস্কার আয়োজনটির প্রতীক হয়ে থাকলেন যেন নিওনগো। হাসি-কান্নায় মিলে-মিশে একাকার।
উপস্থাপিকা এলেন ডিজেনারেস রসবোধের কারণে এমনিতেই সুপরিচিত। পুরো অনুষ্ঠানটিতেই তাঁর উপস্থাপনায় ডলবি থিয়েটারে হাসির কলরোল উঠল। নাচে-গানে মাতিয়ে রাখলেন ফেরেল উইলিয়াম, কারেন ও, ইউ টু, পিঙ্করা।
রেড কার্পেটে ফেরেল উইলিয়ামকে দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। লেডি গাগাকেও যেন টেক্কা দেওয়ার পণ করেছেন! সাদা শার্টের ওপর সুন্দর একটা কোট। গলায় বো টাই। সবই ঠিক আছে। কিন্তু নিচে হাফপ্যান্ট! কোট-টাইয়ের সঙ্গে হাফপ্যান্টের যুগলবন্দী! ভাবা যায়!
তবে মঞ্চ কিন্তু ঠিকই মাতিয়ে দিলেন উইলিয়াম। এবার কিন্তু পরনে জিনস থাকল, মাথায় তাঁর সেই চেনা হ্যাট। ডেসপিকেবল মি টু থেকে উইলিয়াম গেয়ে শোনালেন ‘হ্যাপি’ গানটি। নানা বয়সের বহু বর্ণের পোশাক পরা নৃত্যশিল্পীরা নাচলেন মঞ্চে। গাইতে গাইতে দর্শকসারিতে নেমে এলেন। এবার অ্যামি অ্যাডামস উঠে গিয়ে দুই পাক নেচে নিলেন উইলিয়ামের সঙ্গে।
ঘিয়া রঙের সুন্দর একটা পোশাক পরে মঞ্চে উঠেছিলেন ইডিনা মেনজেল। পোশাকের চেয়েও সুন্দর করে গাইলেন ‘লেট ইট গো’ গানটি। ফ্রোজেন ছবির এই গানটি এবার অস্কারে সেরা গানের পুরস্কার জিতেছে।
সেরা গানের বিভাগে মনোনয়ন না পেলেও সেরা ছবি বিভাগে মনোনয়ন পাওয়া হার ছবির ‘দ্য মুন সং’ এবার বেশ নজর কেড়েছিল। সেই গানটিই পরিবেশন করেন কারেন ও। মঞ্চে তাঁকে দেখাচ্ছিল সদ্য ফোটা লাল গোলাপের মতো। কারেনের সঙ্গে মঞ্চে গিটার বাজিয়েছেন এজরা কোয়েনিগ।
অনুষ্ঠানে অন্য রকম এক মাত্রা যোগ করে আইরিশ ব্যান্ড দল ইউটু। তাদের মঞ্চে ডাকেন ব্র্যাড পিট। ইউটু পরিবেশন করে ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম ছবিতে গাওয়া ‘অর্ডিনারি লাভ’ গানটি। রোবেন দ্বীপে নির্বাসিত থাকার সময় স্ত্রীকে লেখা মহানায়ক ম্যান্ডেলার চিঠিগুলো অবলম্বনে নির্মিত হয়েছে গানটি। পুরো দর্শকসারি গান শেষে দাঁড়িয়ে অভিবাদন জানায় ইউটুকে।
প্রথমবারের মতো অস্কারের মঞ্চে গান গেয়েছেন ব্রেট মিডলার। তিনি শুনিয়েছেন ‘উইন্ড বেনেথ মাই উইংস’ গানটি।
দ্য উইজার্ড অব অজ-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে এবার। পিঙ্ক গেয়ে শুনিয়েছেন দ্য উইজার্ড অব অজ ছবির ‘ওভার দ্য রেইনবো’ গানটি। এএফপি, বিবিসি।