অস্কার: মনোনয়ন দৌড়ে এগিয়ে...
ফেব্রুয়ারির ২ তারিখে ঘোষিত হতে পারে মনোনয়ন। আর ৭ মার্চ মূল অনুষ্ঠান। তবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। রয়টারের হিসাব বলছে, গত ১০ বছরে ক্রিটিকস চয়েস যাঁরা জিতেছেন, তাঁদের ৭০ থেকে ৮০ শতাংশই আবার অস্কার জিতেছেন। গোল্ডেন গ্লোব এর বেলাতেও এই কথাটা খুব সত্যি। অস্কার মনোনয়ন তাই কারা পাবেন সেটা একটু আগেভাগে অনুমান করা যেতেই পারে। চলুন দেখি, এবারে কারা পেতে পারেন অস্কার মনোনয়ন। সেরা ছবি আর সেরা পরিচালক বিভাগে দ্য হার্ট লকার ছবিটির সঙ্গে জোর লড়াই হতে পারে অ্যাভেটার-এর। সাবেক দম্পতি জেমস ক্যামেরন (অ্যাভেটার) আর ক্যাথরিন বিগেলোর (দ্য হার্ট লকার) লড়াই হবে সেরা পরিচালক বিভাগে। ক্যাথরিন জিতেছেন ক্রিটিকস চয়েস। আবার ক্যামেরনের ঝুলিতে আছে গোল্ডেন গ্লোব। ক্যাথরিন অস্কার পেলে সেটা হবে ইতিহাস। এর আগে তিনজন নারী পরিচালক মনোনয়ন পেলেও পুরষ্কার পাননি কেউই। সেরা চিত্রনাট্য, ভিজুয়াল ইফেক্ট—এসব বিভাগে মিলিয়ে অন্তত পাঁচটি পুরস্কার অ্যাভেটার-এর ঝুলিতে উঠবে বলে মনে করছেন অনেকে। সেরা পরিচালক বিভাগে আরও মনোনয়ন পেতে পারেন কুয়েনটিন ট্যারেনটিনো (ইনগ্লোরিয়াস বাস্টার্ডস), পিটার জ্যাকসন (দ্য লাভলি বোনস), ক্লিন্ট ইস্টউড (ইনভিকটাস), লি ড্যানিয়েলস (প্রেশাস), জ্যাসন রিটম্যান (আপ ইন দ্য এয়ার)। সেরা চলচ্চিত্র বিভাগে এবার মনোনয়ন পাবে ১০টি ছবি। মনোনয়ন যতই হোক, মূল লড়াইটা সম্ভবত হবে মোটামুটি চারটি ছবির মধ্যে—অ্যাভেটার, দ্য হার্ট লকার, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, আপ ইন দ্য এয়ার। আরও মনোনয়ন পেতে পারে এন এডুকেশন, প্রেশাস, এ সিরিয়াস ম্যান, নাইন, ডিসট্রিক্ট নাইন, ইনভিকটাস। ইনভিকটাস ছবিতে নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করে মরগান ফ্রিম্যান ব্যাপক প্রশংসা পেয়েছেন। সেরা অভিনয়শিল্পী বা পুরুষ বিভাগে অস্কার মনোনয়ন তাঁর নিশ্চিত। তবে পুরস্কারের জন্য টক্কর দিতে হবে জেফ ব্রিজেসের সঙ্গে। ক্রেজি হার্ট ছবির জন্য গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস—সবই নিয়ে গেছেন তিনি। জর্জ ক্লুনিও পুরস্কার পেয়ে যেতে পারেন আপ ইন দ্য এয়ার ছবির জন্য। আরও মনোনয়ন পেতে পারেন কলিন ফার্থ (এ সিঙ্গল ম্যান), ভিগো মর্টেনসেন (দ্য রোড), মাইকেল স্টুলবার্গ (এ সিরিয়াস ম্যান), জেরেমি রেনার (দ্য হার্ট লকার)।অন্যদিকে, এবার স্যান্ড্রা বুলকেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা। জেফ ব্রিজেসের মতো তিনিও পেয়েছেন গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড। ক্রিটিকস চয়েসটা অবশ্য ভাগাভাগি করতে হয়েছে মেরিল স্ট্রিপের (জুলিয়া অ্যান্ড জুলিয়া) সঙ্গে। অস্কারেও তাই মেরিল স্ট্রিপের সঙ্গে প্রতিযোগিতা হবে। তবে দুই তরুণ অভিনয়শিল্পী ক্যারি মুলিগান (এন এডুকেশন) আর গ্যাবোরে সিডিব (প্রেশাস) চমক দেখাতে পারেন। ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি নাকি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে যাননি ব্র্যাড মনোনয়ন পাননি বলে। অস্কারটা বোধহয় তাঁরা বর্জন করে বসতে পারেন। কারণ, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বা পার্শ্বচরিত্রে (পুরুষ) ক্রিস্টফ ওয়ালটজই পেতে পারেন মনোনয়ন, ব্র্যাড নন। পুরস্কারটাও বোধহয় তাঁর ঝুলিতেই যাবে। তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার সম্ভাবনা আছে ম্যাট ডেমন (ইনভিকটাস), উডি হ্যারেলসন (দ্য মেসেঞ্জার), ক্রিস্টোফার প্লামার (দ্য লাস্ট স্টেশন) প্রমুখ।প্রেশাস ছবির জন্য সেরা অভিনেতা বা পার্শ্বচরিত্র (নারী) বিভাগে মনিক পেতে পারেন পুরস্কার। মনোনয়ন পেতে পারেন পেনেলোপে ক্রুজ (নাইন), ভেরা ফারমিগা (আপ ইন দ্য এয়ার), জুলিয়ান মুর (এ সিঙ্গল ম্যান), অ্যানা কেনড্রিক (আপ ইন দ্য এয়ার) প্রমুখ। রুহিনা তাসকিন, তথ্যসূত্র: ওয়েবসাইট