অস্কার: সেরা অভিনেতা কলিন ফার্থ সেরা অভিনেত্রী নাটালি পোর্টম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের এবারের জমকালো আসর আজ সোমবার সকালে শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলসের কোডাক থিয়েটারে অনুষ্ঠিত ৮৩তম আসরে সব গুজব কিংবা গুঞ্জনকে অতিক্রম করেছেন বিজয়ীরা। সেরা অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন অভিনেতা কলিন ফার্থ এবং অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তাঁরা হয়েছেন ৮৩তম অস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রী।টম হুপার পরিচালিত দ্য কিংস স্পিচ ছবিতে রাজা ষষ্ঠ জর্জের ভূমিকায় অভিনয় করে হলিউডে এরই মধ্যে বেশ কয়েকটি পুরস্কার নিয়েছেন কলিন ফার্থ। অনুমান করা হয়েছিল এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি নিশ্চয় তারই দখলে যাবে। ওদিকে বিউটিফুল ছবিতে অভিনয়ের সুবাদে স্পেনের হাভিয়ের বারদেমও ছিলেন এবার অস্কারে অন্যতম দাবিদার। এ ছাড়া আলোচিত ছবি দ্য সোশ্যাল নেটওয়ার্কে অভিনয় করে অনেকটা চমক দেখানোর অপেক্ষায় ছিলেন অভিনেতা আইজেনবার্গ। তবে সবাইকে পেছনে ফেলে সেরা অভিনেতার পরস্কারটি বাগিয়ে নিয়েছেন রাজা ষষ্ঠ জর্জের ভূমিকায় অভিনেতা কলিন ফার্থ।সেরা অভিনেত্রী হওয়ার গুঞ্জনে ব্ল্যাক সোয়ান ছবিতে অভিনয়ের সুবাদে নাটালি পোর্টম্যানের পাল্লাই ছিল সবচেয়ে ভারী। শেষ পর্যন্ত এ নিয়ে গুঞ্জনটাই বাস্তবে পরিণত হলো। অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন নাটালি পোর্টম্যান। ব্ল্যাক সোয়ান ছবিতে তরুণ নর্তকির চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য বিজয়ীর মুকুটটা তাঁরই হয়েছে। এর জন্য দৌড়ে নাটালি পোর্টম্যানের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন নিকোল কিডম্যান (র্যাবিট রোল), অ্যানেট বেনিং (দ্য কিডস আর অল রাইট), জেনিফার লরেন্স (উইনটার বোন) এবং মিশেল উইলিয়ামস (ব্লু ভ্যালেন্টাইন)।