অস্কারে ইতিহাস গড়লেন ড্যানিয়েল ডে লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের ৮৫তম আসরে এবারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। এর আগেও দুই বার অস্কার পেয়েছিলেন ৫৫ বছর বয়সী এ অভিনেতা। সেরা অভিনেতা বিভাগে মোট তিনবার অস্কার পাবার রেকর্ড গড়লেন তিনি। অস্কারে তিন তিনবার সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আর সবার মতো ড্যানিয়েল নিজেও বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যিই আমি জানি না, কীভাবে এমনটা ঘটল। আমার জীবনে যতটুকু সৌভাগ্য লেখা ছিল, এরমধ্যে তার চেয়ে ঢের বেশি পেয়ে গেছি আমি।’ এক খবরে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে নিয়ে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর সেরা অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল। তিনি এর আগে ‘মাই লেফট ফুট’ (১৯৮৯) এবং ‘দেয়ার উইল বি ব্লাড’ (২০০৭) ছবিতে অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন।১৯৫৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন ড্যানিয়েল। তাঁর বাবা যুক্তরাজ্যের ‘পোয়েট লরেট’ খেতাব পাওয়া কবি সেসিল ডে-লুইস এবং মা ব্রিটিশ অভিনেত্রী জিল ব্যালকন। ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল ড্যানিয়েল অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সানডে ব্লাডি সানডে’। পরবর্তী সময়ে ‘গান্ধী’, ‘দ্য বক্সার’, ‘মাই লেফট ফুট’, ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘নাইন’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অস্কার ছাড়াও বাফটা, স্ক্রিন অ্যাক্টর’স গিল্ডসহ আরও অনেক পুরস্কার প্রাপ্তি ঘটেছে গুণী এ অভিনেতার জীবনে।